নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে। নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে।
শুক্রবার দুপুরে রংপুরে দুই দিনের সফরে এসে নগরের সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘রোজার প্রথম দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে। তাই ঢাকা শহরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দাম কমে গেছে। দেশের কৃষকদের পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি।’
টিসিবির মাধ্যমে সরকার সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে অসচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্য পণ্য দেওয়া হচ্ছে। সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেঁধে দেওয়া হয়েছে, সেই দামেই বিক্রি হচ্ছে।
টিপু মুনশি বলেন, ‘ভুটানের সাথে আমাদের যোগাযোগব্যবস্থা নিয়ে চুক্তি এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও তাদের দেশে আমাদের পণ্য রপ্তানি নিয়েও আলোচনা এগিয়েছে। তারা (ভুটান) বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে অনেক আগ্রহী। ভুটানের রাজা বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানিয়েছেন।’