গোপালদীর পৌর মেয়র হালিমের ভয়ে কথা বলতেও ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সিকদার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদে হাত বেঁধে তিন শিশুকে গ্রাম ঘোরানোর পর দুই শিশুর চুল কেটে দেওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি গোপালদী পৌরসভার মেয়র হালিম সিকদার আগাম জামিন নিয়ে এলাকায় ফিরেছেন। তাঁর ফেরার পর প্রকাশ্যে কথা বলতেও ভয় পাচ্ছেন মামলার বাদী, ভুক্তভোগী শিশুদের পরিবারসহ এলাকাবাসী। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সরেজমিনে সেই চিত্রই দেখা গেল আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায়।

আরও পড়ুন

৬ ফেব্রুয়ারি সকালে ৭, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশুর চুল কেটে দেওয়ার পর ১১ বছর বয়সী শিশুর বাবার সঙ্গে প্রথম আলোর কথা হয়। এ সময় তিনি পুরো ঘটনা তুলে ধরার পাশাপাশি শিশুদের ওপর করা নির্যাতনের বিচার দাবি করেন। ওই ব্যক্তি স্থানীয় একটি মসজিদে ইমামতির পাশাপাশি একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

বুধবার সকালে ১১ বছর বয়সী শিশুর বাড়িতে সরেজমিনে দেখা যায়, তাদের ছোট্ট টিনের ঘরটি বাইরে থেকে তালা দেওয়া। শিশুর স্বজন ও প্রতিবেশীদের কাছে এই শিশুর পরিবারের সদস্যদের খোঁজ জানতে চাইলে তাঁরা জানান, শিশুর মা তাঁর বাবার বাড়িতে বেড়াতে গেছেন। আর শিশুটি এখন বাবার সঙ্গে গ্রামের বাইরে থাকে। চুল কেটে দেওয়ার বিষয়ে কথা বলতে চাইলে তাঁরা কেউই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
বৃহস্পতিবার রাতে মুঠোফোনে কল দিলে হালিম সিকদার বিস্তারিত কিছু বলতে চাননি। মামলার বাদী ও ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যদের ভয় দেখানো ও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে ভয় দেখাইনি, কাউকে কথা বলতেও নিষেধ করিনি।’

ঘটনার পর থেকে শিশুটির বাবার সঙ্গে প্রথম আলোর একাধিকবার কথা হয়েছে। তবে গত সোমবার রাত থেকে তিনি আর এই প্রতিবেদকের ফোন ধরছেন না। খোঁজ নিয়ে গ্রাম থেকে দূরে ওই শিশুর বাবার কর্মস্থলে গেলে শিশু ও তার বাবার সঙ্গে দেখা হয়। শিশুটির চোখমুখে তখনো ভয়ের ছাপ। ঘটনার পর তার ন্যাড়া করে দেওয়া মাথায় সদ্য গজানো চুল উঁকি দিচ্ছে। শিশুটির বাবার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এই অপারগতার কারণ জানতে চাইলে হাতজোড় করে বলেন, ‘আমাদের ক্ষমা করবেন। আমরা কোনো কথা বলতে পারব না।’

কথা হয় ১১ বছর বয়সী শিশুর বাবার এক সহকর্মীর সঙ্গে। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, ‘ঘটনার পর ওনার স্ত্রী ভয়ে বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। ছেলেটাও লজ্জায় গ্রামে ফিরতে পারছে না। এমপি সাহেব সরাসরি মেয়রের পক্ষ নিয়েছেন। মেয়রও জামিনে এলাকায় এসেছেন। এমন অবস্থায় একজন দরিদ্র বাবার পক্ষে চুপ থাকা ছাড়া আর কী করার আছে।’

সাত বছর ও আট বছর বয়সী দুই শিশুর বাড়িতে গেলে তারাও বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। এ সময় মামলার বাদী সাত বছর বয়সী শিশুর বাবাকে বাড়িতে পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার থেকে বাদী আট বছর বয়সী শিশুর বাবার মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে। এ সময় স্থানীয় অন্তত দুজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মামলার পর থেকে বেশির ভাগ সময়ই বাদী মেয়রের বাড়িতে থাকছেন।

সোমবার উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়ে মেয়র হালিম সিকদার এলাকায় ফিরেছেন। তার পর থেকে তিনি পৌরসভার কাজকর্মেও অংশ নিচ্ছেন। তবে দুই শিশুর চুল কাটার পর এ ঘটনায় করা মামলার দুই আসামি নরসুন্দর দীপক শীল ও উৎপল শীলের দোকানটি বন্ধ আছে। পুলিশ জানিয়েছে, দীপক শীল কারাগারে আছেন। আর উৎপল শীল পলাতক। ৭ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তারের পর থানা প্রাঙ্গণে দীপক শীলের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। নিজেকে নির্দোষ দাবি করে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি দোকানে ছিলাম না। দোকানে আইসা দেখি মেয়রসাব দোকানে বসে আছেন। আর শিশুদের চুল কাটা। আমার দোকানে মেয়রের বসাই ছিল আমার অপরাধ।’

দীপক শীলের বিষয়ে কথা হয় তাঁর ভাই প্রদীপ শীলের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘দাদার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে। পুলিশ আইসা দোকান থেইকা ওনারে ধইরা নিয়া গেল। ওনার একমাত্র ছেলেটা এখনো পড়াশোনা করে। বউদি সারা দিন কান্নাকাটি করেন। কিন্তু এখনো জামিনের ব্যবস্থা হয় নাই।’ জামিন আবেদন করা হয়েছে কি না, জানতে চাইলে প্রদীপ বলেন, ‘আমরা গরিব মানুষ। আইন–আদালত বুঝি না। টেকাপয়সাও নাই। মেয়রসাব বলসেন, উনিই সব দেখবেন। কিন্তু এখনো কিছু হয় নাই।’

এ ঘটনায় গ্রেপ্তার অপর আসামি মো. ফারুকের পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে তাঁর পরিবারের কোনো সদস্যই এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তাঁর বড় ছেলে মো. আশিকের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, ‘আমি কোনো কথা বলতে পারব না।’

৬ ফেব্রুয়ারি সকালে চুরির অপবাদে তিন শিশুর চুল কেটে দেওয়ার পর মেয়র হালিম সিকদারসহ চারজনের নাম উল্লেখ করে এবং চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে এক শিশুর বাবা মামলা করেন। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ করায় ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যদের মামলা ও হামলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার সাত দিনের মাথায় মেয়র উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেছেন। পুলিশের দাবি, মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হলেও মেয়রকে তারা খুঁজে পায়নি।