মেয়াদ বাড়লেও কাজে ধীরগতি, দুর্ভোগ

সময়মতো কাজ শুরু না হওয়ায় অসংখ্যবার বিক্ষোভ, মানববন্ধন করেছেন এলাকার মানুষ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা স্ট্যান্ড থেকে রূপসা সেতু পর্যন্ত সড়কে গর্ত। ধুলায় অতিষ্ঠ এলাকাবাসী। গত বুধবার তোলা
ছবি: সাদ্দাম হোসেন

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ আরও একবার বাড়ানো হয়েছে। চতুর্থবারের মতো বাড়ানো মেয়াদে কাজ শেষের সময় ধরা হয়েছে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে, শিপইয়ার্ড সড়কটি ৯ বছর সংস্কার হয়নি। খানাখন্দ ও গর্তে ভরা সড়কটিতে দুর্ঘটনা নিত্য সঙ্গী। সময়মতো কাজ শুরু না হওয়ায় অসংখ্যবার বিক্ষোভ, মানববন্ধন করেছেন ওই এলাকার মানুষ। ঘটা করে উদ্বোধনের পর কাজের ধীরগতি মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে। 

খুলনা শিপইয়ার্ড সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পটি একনেকে অনুমোদিত হয় ২০১৩ সালের ৭ মে। ভূমি অধিগ্রহণ জটিলতায় এত দিন ওই প্রকল্পের কাজই শুরু করতে পারেনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। চলতি বছরের ২০ জানুয়ারি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এরপর মানুষের মধ্যে স্বস্তি এসেছিল। তবে গত ১০ মাসে কাজের অগ্রগতি তেমন নেই। ৮ নভেম্বর একনেক সভায় প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। এর আগে সর্বশেষ ওই প্রকল্পের মেয়াদ ছিল চলতি বছরের ৩০ জুন পর্যন্ত।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই সড়ক ঘুরে দেখা গেছে, প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির কিছু কিছু জায়গায় একপাশে খালের মতো করে কেটে রাখা হয়েছে। প্রশস্ত করার জন্য সেখানে বালি দিয়ে ভরাট করার কথা। কিন্তু তা করা হয়নি। কিছু কিছু জায়গায় কাজ চলছে। সড়কের মাঝের বড় বড় গর্তগুলো ইট দিয়ে ভরাট করে কিছুটা চলাচলের উপযোগী করা হয়েছে। খানাখন্দ ভরা সড়কে ঝাঁকি খেয়ে, হেলেদুলে চলতে হচ্ছে যানবাহনকে। পুরো সড়ক ধুলায় ভরা। কোনো ইজিবাইক বা ছোট যানবাহন গেলেই ধুলো উড়ছে। বিশেষ করে বান্দা বাজার এলাকায় ধুলার আধিক্য বেশি। সড়কের দুই পাশের অনেক অবৈধ স্থাপনা এখনো অপসারণ করা হয়নি। রূপসা স্কুলের সীমানাপ্রাচীর এখনো আগের জায়গায় রয়েছে। ভাঙা হয়নি দাদা ম্যাচ ফ্যাক্টরির স্থাপনাও। 

২০১০ সালে খুলনা মহানগরের রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পর্যন্ত সড়কটি চারলেন করার উদ্যোগ নেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। নাম দেওয়া হয় ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প’। ২০১৩ সালের মে মাসে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। মেয়াদকাল ধরা হয়েছিল ২০১৫ সালের জুন পর্যন্ত। পরে প্রকল্পের মেয়াদ আরও দুই দফা বাড়িয়ে ২০১৮ সালের জুন ও সর্বশেষ ২০২২ সালের জুন পর্যন্ত করা হয়। 

প্রকল্পের মেয়াদ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আর্থিক আকারও। ওই সময়ের ৯৮ কোটি ৯০ লাখ টাকার প্রকল্পটির বর্তমান ব্যয় ধরা হয়েছে ২৫৯ কোটি ২১ লাখ টাকা। 

সর্বশেষ চলতি বছরের ১২ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান লিমিটেড অ্যান্ড মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে (জেভি) কার্যাদেশ দেওয়া হয়েছে। চুক্তি মূল্য ধরা হয়েছে ১৪৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। প্রায় ১৪ মাসের মধ্যে তাদের ৬০ ফুট চওড়ার ৩ দশমিক ৭৭৮ কিলোমিটার সড়ক, দুই পাশে নালা, মতিয়াখালী খালের ওপর একটি কালভার্ট ও লবণচরা খালের ওপর একটি সেতু নির্মাণ করতে হবে। 

শিপইয়ার্ড সড়কটি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আওতাভুক্ত। তবে কেডিএ সেখানে প্রকল্প গ্রহণ করায় ২০১৩ সালে কেডিএকে সড়কটি ছেড়ে দেয় সিটি করপোরেশন। সড়কটির বেশির ভাগই পড়েছে নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মধ্যে। এই ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন বলেন, সড়কটিতে মানুষের দুর্ভোগের অন্ত নেই। গত ৯ বছর ধরে কাজ শুরু হচ্ছে এমন আশ্বাস দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা হয়েছে। কিন্তু কাজ উদ্বোধনের পর কাজের গতি দেখে মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যাচ্ছে। 

ওই প্রকল্পের পরিচালক ও কেডিএর নির্বাহী প্রকৌশলী আরমান হোসেন বলেন, একনেকে শুধু সময় বাড়ানো হয়েছে। কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হয়নি। জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা আর নেই। তবে সড়কে কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। ট্রাক বা এক্সকাভেটর নড়াচড়া করতে গেলেই দুই পাশে যানজট তৈরি হচ্ছে।