টানাটানির সংসার এখন ‘উত্তাপে’ দিশাহারা

তিন বেলার ডাল–ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষেরা।

পেনশনের টাকা দিয়ে পাঁচজনের সংসার চালান কৃষ্ণপদ সানা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৩৫ টাকা কেজির বড় আলুর বদলে কেনেন ২৫ টাকা কেজির ছোটটা। বড় মাছ না কিনে ১২০ টাকা দিয়ে এক পোয়া চিংড়ি মাছ কিনেছেন। গত শুক্রবার খুলনার নিরালা কাঁচাবাজারেছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন বিভাগে চাকরি করে মাসে ১২ হাজার টাকা পান রুহুল আমিন খান। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে সংসার খরচ কমানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুলনা নগরের খালিশপুর এলাকার এই ভাড়াটে। দুই ছেলের জন্য গৃহশিক্ষক রাখা বন্ধ করেছেন। সন্তানদের জন্য বাসায় প্রতিদিন দুধ নিতেন, দিতেন একটি করে ডিম। সব এখন বন্ধ।

রুহুল আমিন বলছিলেন, বেতনের তিন ভাগের এক ভাগ বাসাভাড়ার পেছনেই চলে যায়। আগে থেকেই সংসারে টানাটানি ছিল। বর্তমানে বাজারের উত্তাপে দিশাহারা অবস্থা।

খুলনা নগরে রুহুলের মতো নিম্নবিত্ত মানুষেরা টিকে থাকতে প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকা কাটছাঁট করছেন। খাবার পাতে কমাচ্ছেন পদের সংখ্যাও। আর তিন বেলার ডাল–ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষেরা।

নগরের বাস্তুহারা এলাকার ১১ নম্বর রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম আগে পাটকলে কাজ করতেন। এখন ছোলা-ঘুগনি বিক্রি করেন। দিনে ২০০-২৫০ টাকার আয়ে চারজনের সংসার চলে।

সিরাজুল ইসলাম বলেন, ‘এক্সট্রা খরচ তো কখনো করি না। তারপরও খরচ কমাতে হচ্ছে। সারা মাসে দুই লিটার তেল লাগত। এখন এক লিটারে সারতে হচ্ছে। আগে দুই পদের তরকারি খেতাম। এখন এক পদ। কখনো শুধু ডাল। যা কষ্ট যায় পেটের ওপর দিয়ে। এদিকে ছেলের লিউকেমিয়া ধরা পড়েছে। জমানো কিছু টাকা থেকে চিকিৎসা করাচ্ছি। তা–ও ঠিকমতো করাতে পারছি না।’

নগরের পূর্ব বানিয়াখামারের কমিশনার গলির একটি বাসায় ভাড়া থাকেন মো. মোস্তফা (৫২)। পেশায় রাজমিস্ত্রির সহকারী। গত শুক্রবার দুপুরে মিস্ত্রিপাড়া বাজারে বাজার করতে এসে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দরদাম করছিলেন। কয়েকটা সবজি কেনার পর বাজারের একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পকেট থেকে ফর্দ বের করে মেলাচ্ছিলেন হিসাব।

কথায়–কথায় জানা গেল, মোস্তফার পরিবারের সদস্যসংখ্যা পাঁচ। যেদিন কাজ থাকে, সেদিন ৫৭০ টাকা আয় হয়। তবে সেই আয়ে এখন আর সংসার চলছে না। ঘরভাড়া, বিদ্যুৎ, পানির খরচ, বাজার খরচ, ওষুধপত্র, ছেলেমেয়ের পেছনে খরচ মিলিয়ে মাসে তাঁর ব্যয় ২০ হাজার টাকার মতো।

হতাশার সুরে মোস্তফা বলেন, ‘সবকিছুর দাম বেড়েছে। কিছুই কেনার কায়দা নেই। ১০ দিন আগে চাল কিনেছি ৫৪ টাকায়, সেই চাল আজ কিনলাম ৬০ টাকা কেজি। আগে মরিচের পোয়া ছিল ১০ টাকা, এখন ৬০ টাকা। মাছ–মাংস তো ছোঁয়ার জো নেই।’

খাদ্যপণ্যের মতো যাতায়াত ভাড়াও বেড়েছে। শহরে গণপরিবহন বলতে রিকশা, ইজিবাইক আর মাহিন্দ্রা। আগে স্বল্প দূরত্বের পথ পাঁচ টাকায় মাহিন্দ্রায় যাওয়া যেত। এখন মাহিন্দ্রাতে উঠলেই কম করে ১০ টাকা গুনতে হচ্ছে।

মোস্তফা বললেন, ‘কয়েক মাস আগে মেয়ের প্রাইভেট ছাড়িয়ে দিয়েছি। এখন পড়ানোই বন্ধ করে দিয়েছি। চলতে পারছি না, কী করব? পকেটে পয়সা নেই। আগে রিকশায় চড়তাম, এখন সেটাও বাদ। হেঁটে কষ্ট করতে হচ্ছে।’

সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আউয়াল খালিশপুরের দক্ষিণ কাশিপুরে দুই রুমের বাসা ভাড়া নিয়ে থাকেন। সব মিলিয়ে মাসে তাঁর আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হলেও খরচের হিসাব করে দেখালেন ২০ হাজার টাকা। মো. আউয়াল বলেন, ‘৩২ বছর ধরে গাড়ি চালাচ্ছি। এ রকম খারাপ সময়ের মুখোমুখি আগে হইনি। দুপুর পর্যন্ত একটা ট্রিপ হয়েছে। অথচ শুক্রবার আমাদের সবচেয়ে বেশি ইনকাম হয়। মানুষ ঘুরতে বের হয়। এখন বের হচ্ছে না। তারা বিনোদনের পেছনে খরচ করবে, নাকি বাজারঘাট করে খাবে?’