নওগাঁর ছাতড়া গরুর হাট
ব্যাপারীদের ভিড় নেই, গরু কেনাবেচা কম
গবাদিপশুর খাবার ও চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি চাচ্ছেন খামারিরা।
ক্ষুদ্র খামারি সাইফুল ইসলাম এক বছর ধরে দেশি জাতের দুটি এঁড়ে (ষাঁড়) পালন করেছেন। তাঁর আশা, এবার কোরবানির হাটে গরু দুটি বিক্রি করে লাভের মুখ দেখবেন। কিন্তু বাজারে দাম যা উঠছে, তা শুনে হতাশ তিনি। প্রতিটি গরুর দাম এক লাখ টাকার ওপরে উঠবে ভেবেছিলেন। কিন্তু প্রতিটা গরুর দাম উঠেছে ৭৫ হাজার টাকা। তাঁর দাবি, এই দামে গরুগুলো বিক্রি করলে তাঁকে ৪০ থেকে ৫০ হাজার টাকা লোকসান গুনতে হবে।
গত সোমবার নওগাঁর অন্যতম বড় পশুর হাট নিয়ামতপুর উপজেলার ছাতড়া হাটে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠেছে। সেখানেই কথা হয় গরু বিক্রি করতে আসা খামারি সাইফুল ইসলামের সঙ্গে। সাইফুলের বাড়ি নিয়ামতপুর উপজেলার হাজিনগর গ্রামে। ওই হাটে গরু বিক্রি করতে আসা ১০-১২ জন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের প্রত্যাশার চেয়ে ক্রেতারা অনেক কম দাম বলছেন। গবাদিপশুর খাবার ও চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি রাখছেন তাঁরা। কিন্তু ক্রেতারা আগের দামেই কিনতে চান। এ জন্য গরু বিক্রি হচ্ছে কম। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা না আসায় ছাতড়া হাটে গরুর দাম এবার কিছুটা কম বলে মনে করছেন বিক্রেতারা।
হাটে আসা ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত কোরবানির ঈদের এক মাস আগে থেকেই নওগাঁর পশুর হাটগুলোতে বেচাকেনা জমে ওঠে। কিন্তু কোরবানির ঈদের আর দুই সপ্তাহ বাকি থাকলেও নওগাঁর ছাতড়ার পশুর হাটগুলোতে বেচাবিক্রি তেমন জমে ওঠেনি। হাটগুলোতে প্রচুর গরুর সরবরাহ হলেও বিক্রি হচ্ছে কম।
নিয়ামতপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের গরু ব্যবসায়ী আনারুল ইসলাম, লোকমান আলী ও বাদশা মিয়া বলেন, তাঁরা মৌসুমি ব্যবসায়ী। গ্রামে গ্রামে ঘুরে স্থানীয় খামারিদের কাছ থেকে গরু কিনে হাটে বিক্রি করেন তাঁরা। কিন্তু নানা জায়গা থেকে গরুর ব্যাপারীরা এবার হাটে কম আসছেন। অল্পসংখ্যক ব্যাপারী যাঁরা আসছেন, তাঁদের কাছেই গরু কম দরে বিক্রি করতে হচ্ছে। ক্রেতার অভাবে তাঁরা লোকসান গুনে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
খামারিরা জানান, গবাদিপশুর খাবারের দাম আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। আগে একেকটি দেশি গরু সারা বছর ধরে খাওয়া-চিকিৎসা ও লালন-পালন করতে খরচ পড়ত ১৮-২০ হাজার টাকা করে। কিন্তু গত এক বছরে লাফিয়ে লাফিয়ে গবাদিপশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় একেকটি লালন-পালন করতে খরচ পড়েছে ৩০ হাজার টাকার ওপরে। এ জন্য তাঁরা গরুর দাম বেশি চাচ্ছেন।
হাটে গরু বিক্রি করতে আসা মহাদেবপুর উপজেলার চান্দাশ গ্রামের খামারি জাকিরুল ইসলাম বলেন, ‘৫০ টাকা কেজির খৈল হইচে ৬৫ টাকা, ৪০ টাকা গমের ভুসি ৪৮ টাকা, এক কাওন খড়ের দাম আগে ছিল ৩৫০ টাকা এখন কিনতে হচ্ছে ৫০০ টাকায়। এগুলা খরচ হিসাব করলেই বোঝা যাবে গরুর দাম বেশি ক্যান।’
অন্যদিকে ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার প্রতিটি গরুর দাম ১০ থেকে ১২ হাজার টাকা বেশি। বাজেট অনুযায়ী প্রত্যাশার গরু তাঁরা পাচ্ছেন না।
ইচ্ছেমতো হাসিল আদায়
এদিকে ছাতড়া হাটে ক্রেতা-বিক্রেতার মুখে ক্ষোভের সুর শোনা গেল হাসিল আদায় নিয়ে। তাঁদের অভিযোগ, হাটটিতে গরু-ছাগলের ক্রেতা-বিক্রেতার কাছ থেকে ইচ্ছেমতো হাসিল আদায় করছেন ইজারাদারের লোকজন।
হাটের উত্তর-পশ্চিম কোণে টেবিল–চেয়ারে বসে হাসিল লিখছিলেন সেলিম হোসেন নামের এক ব্যক্তি। জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ক্রেতার কাছ থেকে ৬৫০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে আদায় করা হচ্ছে ১০০ টাকা করে। অর্থাৎ প্রতিটি গরুর জন্য হাসিল আদায় করা হচ্ছে ৭৫০ টাকা করে।’ রুহুল আমিন নামের এক ব্যক্তি একটি ছাগল কিনে ফিরছিলেন। জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘১৪ হাজার টাকায় খাসিটি কিনলাম। শতকরা ১০ টাকা হিসাবে এই খাসির জন্য হাসিল চাইছিল ১ হাজার ৪০০ টাকা। অনেক জেদাজেদি করে ১ হাজার ২০০ টাকা হাসিল দিলাম।’
এ বিষয়ে হাটের ইজারাদার সাজেদুর রহমান শাহিন বলেন, ‘নওগাঁর আরেক বড় পশুর হাট চৌবাড়িয়াতে প্রতিটি গরুর হাসিল নেওয়া হচ্ছে ৮০০ টাকা করে। আমরা তার চেয়ে ৫০ টাকা কম নিচ্ছি। ৬ কোটি ৩০ লাখ টাকা দিয়ে এই হাট ইজারা নিয়েছি। এবার গরুর যে বেচাবিক্রি, তাতে মনে হচ্ছে টাকাই তুলতে পারব না।’
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহীম বলেন, দু-এক দিনের মধ্যে সভা করে পশুর হাসিল নির্ধারণ করা হবে। অতিরিক্ত হাসিল আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।