সরিষাবাড়ীতে চুরির অভিযোগে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

মুঠোফোন চুরির অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পৌরসভার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার কিশোরের বাড়ি পৌর এলাকায়।

গ্রামবাসী ও নির্যাতনের শিকার কিশোর সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ওই কিশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া গ্রামের সাইদুর রহমানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সাইদুর ও তাঁর লোকজন চোর চোর বলে ওই কিশোরকে আটকান। তার বিরুদ্ধে সাইদুরের ছোট ভাই জামাল উদ্দিন ওরফে পাগুর মুঠোফোন ও নগদ টাকা চুরির অভিযোগ আনা হয়। পরে বাড়ির পাশে মেহগনিগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ওই কিশোরকে অমানবিক নির্যাতন করা হয়।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান কয়েকজন পুলিশ সদস্য নিয়ে বেলা দুইটার দিকে ঘটনাস্থলে যান। আড়াইটার দিকে পুলিশ ওই কিশোরকে গাছের সঙ্গে বাঁধা রশি থেকে ছেড়ে দেয়। পরে বেলা তিনটায় নির্যাতনের শিকার কিশোর, সাইদুর রহমান ও জামাল উদ্দিনকে থানায় নিয়ে যায় পুলিশ।

নির্যাতনকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সুরুজ্জামানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বাদী-বিবাদীর কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরকে কাউন্সিলরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রিপন মিয়া নামের স্থানীয় বাসিন্দা বলেন, চুরির অভিযোগ এনে ওই কিশোরকে সাইদুর রহমান ও তাঁর লোকজন সাড়ে ৪ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে মারধর করেছেন। নির্যাতনের শিকার কিশোর বলে, ‘বাড়ির সামনে দিয়ে হাঁইটে যাওয়ার সময় জামাল উদ্দিন ও তার লোকজন চোর বলে ডাক পাড়তে থাকে। পরে ওরা আমাকে মেহগনিগাছের সাথে বাঁইধা কয়েক ঘণ্টা মারধর করে। পুলিশ আইসে আমার বাঁধন ছাইড়ে দেয়।’

নির্যাতনকারী জামাল উদ্দিন বলেন, ‘আমার মুঠোফোন ও নগদ টাকা চুরি করে নেওয়ায় আমি ও আমার পরিবারের লোকজন ওই শিশুকে (কিশোর) গাছের সাথে বাইধা রাখছি। আমি নির্যাতন করিনি।’

এ ঘটনার নিন্দা ও শাস্তির দাবি জানিয়েছেন শিশুকল্যাণ বোর্ডের সদস্য ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জামালপুর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। প্রথম আলোকে তিনি বলেন, ১৪ বছরের কিশোরকে শারীরিক ও মানসিক নির্যাতন করা আইনবিরোধী কাজ। এ কাজ শিশু আইন, জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং শিশু সুরক্ষা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিশুর অভিভাবক আদালতে অভিযোগ করলে অবশ্যই প্রতিকার পাবেন।