বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে পতাকা উত্তোলন

বরগুনা জেলার মানচিত্র

গণ–অভ্যুত্থানের পর থেকে পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা। কার্যালয়ে তাঁদের বিভিন্ন তৎপরতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার বদনীখালী এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা জাতীয় পতাকা হাতে প্রবেশ করেন। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টানান। এরপর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ও সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

আরও পড়ুন

এর আগে গত সোমবার বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত পরিত্যক্ত দলীয় কার্যালয়ের তালা ভেঙে স্থানীয় ছাত্রলীগ নিয়ন্ত্রণে নেয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়। এর কয়েক ঘণ্টা পর ভাঙচুর করে ছবি নামিয়ে পুড়িয়ে ফেলেন ছাত্র-জনতা।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বেতাগী উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এর পর থেকে আওয়ামী লীগ নেতা–কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই নেতা-কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন।