ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমন্ত্রীকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি খাদে, আহত ৮
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পুলিশের আটজন সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামে সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যরা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা ও গার্ড অব অনার দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে বাঞ্ছারামপুর যাচ্ছিলেন।
আহত পুলিশের সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নিজাম, নায়েক জুয়েল মিয়া, কনস্টেবল মো. শরিফ, মো. মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আবদুল সালাম ও মাইনুল হাসান। তাঁদের মধ্যে আহত নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে উন্নত চিকিৎসার জন্য বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঞ্ছারামপুরে নিজের সংসদীয় আসনে সরকারি সফরে আসেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রতিমন্ত্রীকে নিরাপত্তা (প্রটোকল) দিতে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইনস থেকে পুলিশের একটি গাড়ি বাঞ্ছারামপুর উপজেলার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দরিভেলানগর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে পুলিশ বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আটজন আহত হন। পরে বাঞ্ছারামপুর থানার পুলিশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি উপজেলায় পৌঁছান। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদর্শন করেন পুলিশের আরেকটি দল। উপজেলার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জোনায়েদ সাকি। পরে তিনি আহত পুলিশ সদস্যদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তাঁদের খোঁজখবর নেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন প্রথম আলোকে বলেন, সকালে পুলিশের আটজন সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। বর্তমানে পুলিশের ছয়জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। দুজনকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ লাইনস থেকে আজ সকালেকে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি স্যারের অনুষ্ঠানে নিরাপত্তা (প্রটোকল), সালামিসহ দায়িত্ব পালনের জন্য পুলিশের একটি গাড়ি উপজেলার উদ্দেশে রওয়া হয়। উপজেলা দরিভেলানাগর এলাকায় একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশের আরেকটি দল প্রতিমন্ত্রীকে সালামি প্রদর্শন করেছে।