চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, ছুটির দিনেও বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক মিলনায়তনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়। উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে মিছিলে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলে অংশগ্রহণকারী যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘আজ আমাদের আন্দোলনের ১১তম দিন। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস–পরীক্ষা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, ‘আমরা সবাই একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। আমরা এই অনিশ্চয়তার শেষ চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুতি, আপনি হস্তক্ষেপ করে আমাদের একটা সমাধান এনে দিন। আমরা ক্লাসে ফিরতে চাই।’
আন্দোলন শুরুর পর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে আসছেন। এ পর্যন্ত বাস্তবায়ন করা কর্মসূচির মধ্যে রয়েছে—মশালমিছিল, লাল কার্ড প্রদর্শন, ‘৫৬ কেন’, ‘শ্বেত শাড়ির গণসাক্ষ্য’, সাবেক উপাচার্যের মুখাবয়বের মুখোশ পরে মিছিল, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ ও ‘প্রতিবাদী কনসার্ট’।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ওই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয়। ১১ দিন পেরিয়ে গেলেও উপাচার্য পুনর্বহালের দাবির বিষয়ে এখনো কোনো সমাধান হয়নি।