আ.লীগের বেপরোয়া লুটপাটের কারণে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরে শোক শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে আজ সোমবার বেলা দুইটায় এ শোভাযাত্রা শুরু হয়
ছবি : প্রথম আলো

আওয়ামী লীগের বেপরোয়া লুটপাটের কারণে দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের রাজনৈতিক নেতা-কর্মীদের গুম, খুন, অপহরণ চলছে। বিরোধী দলের সভা-সমাবেশে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে।

আজ সোমবার বেলা দুইটায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন। সম্প্রতি পুলিশ ও আওয়ামী লীগের হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী নিহত হয়েছেন অভিযোগ তুলে এ সমাবেশেন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এর আগে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন, সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

সমাবেশে বক্তারা বলেন, লুটপাটের কারণে দেশ এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। লুটেরা সরকারকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ এখন বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ হয়েছে। কারণ, মানুষ এখন নানাভাবে বিপর্যস্ত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ এখন দিশাহারা। আওয়ামী লীগ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।

কর্মসূচিতে জেলা বিএনপি নেতা আবদুল গফফার, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন ও আশিক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেত্রী সামিয়া বেগম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।