পঞ্চগড়ে নদী পুনঃখনন
শত কোটি টাকা জলে, নদীতে ধানের আবাদ
সঠিক পরিকল্পনা অনুযায়ী পুনঃখনন না করায় এবং উজান থেকে বালু বয়ে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুনঃখননের দুই বছর পার না হতেই প্রায় আগের অবস্থায় ফিরে গেছে পঞ্চগড়ের প্রধান নদী করতোয়া। এবার নদীর বেশির ভাগ জায়গাজুড়ে হয়েছে বোরো ধানের চাষ। শুধু করতোয়াই নয়, জেলার সাতটি নদী পুনঃখনন করা হলেও সেগুলো ফিরতে শুরু করেছে আগের চেহারায়।
সঠিক পরিকল্পনা অনুযায়ী এসব নদী পুনঃখনন না করায় এবং উজান থেকে প্রতিনিয়ত বালু বয়ে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বলছেন পরিবেশবিদেরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত পঞ্চগড়ের ৭টি নদী ও ১টি খালের মোট ১৭৮ দশমিক ৫০ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ১০৭ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে জেলার প্রধান নদী করতোয়ার পঞ্চগড়ের মীরগড় থেকে দিনাজপুরের খানাসামা পর্যন্ত ৭৮ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। এ ছাড়া পাথরাজ নদ ২০ কিলোমিটার, বুড়ি তিস্তা নদী ২০ কিলোমিটার, চাওয়াই নদ ২০ কিলোমিটার, ভেরসা নদী ১০ কিলোমিটার, তিরনই নদ ৭ দশমিক ৬ কিলোমিটার ও রসেয়া নদী ৬ দশমিক ৯ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। সেই সঙ্গে জেলার বড় সিঙ্গীয়া খাল ছয় কিলোমিটার পুনঃখনন করা হয়েছে।
পঞ্চগড় শহরসংলগ্ন নিমনগর, পুরাতন ক্যাম্প ও রামেরডাঙ্গা এলাকার পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। ২০২১ সালে এসব এলাকায় খনন করা হয়। সরেজমিনে দেখা যায়, করতোয়া নদীর বেশির ভাগ স্থানে এবার বোরো ধানের চাষ হয়েছে। পুনঃখননের সময় নদীর দুই ধারে জমিয়ে রাখা বালু বৃষ্টির পানিতে ধুয়ে আবারও নদীতে গিয়ে পড়েছে। সেই সঙ্গে উজান থেকে পানির সঙ্গে বয়ে আসা বালুতে নদীর বেশির ভাগ জায়গা ভরাট হয়ে গেছে।
একই চিত্র দেখা গেছে বোদা উপজেলার মাড়েয়া-বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায়। করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর যেখানে নৌকাডুবিতে ৭২ জনের প্রাণহানি ঘটেছিল, সেখানেই দুই ধারে হয়েছে ধানের আবাদ। এ ছাড়া বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকার করতোয়া নদীতেও হয়েছে বোরো ধানের চাষ। স্থানীয় কৃষকেরা বলছেন, নদী খননের বছর পানি বেশি থাকায় ধান চাষ করা যায়নি। নদী আগের মতো হয়ে যাওয়ায় এখন ধান চাষ করা যাচ্ছে।
পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা শফিউল ইসলাম বলেন, ‘এবার করতোয়া নদীতে প্রায় এক বিঘা বোরো ধানের আবাদ করেছি। আগের বছর নদী খননের কারণে কেউ ধান চাষ করতে পারেননি। নদী আগের মতো ভরাট হয়ে গেছে। এ জন্য সবাই ধান চাষ করেছেন।’
বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা রায়হান কবির বলেন, এখানে নদী খনন করে কোনো লাভ হয়নি। খননের সময় গভীরতা কম দেওয়া হয়েছিল। যেমন নদী ছিল, এখন আবারও তেমন হয়ে গেছে।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, পরিকল্পিতভাবে নদীগুলো পুনঃখনন করা হয়নি। খনন করে নদীর বালু এর ধারেই রেখে দেওয়া হয়েছিল। সেই বালু নদীতে গিয়ে ভরাট হয়েছে। ওই বালু যদি দূরে নিয়ে রাখা হতো, তাহলে হয়তো কিছুটা লাভ হতো।
পাউবোর পঞ্চগড় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ বলেন, পঞ্চগড়ের নদীগুলো প্রায় সবই ভারত থেকে এসেছে। হিমালয় ঘেঁষা এসব নদীতে প্রচুর পরিমাণে বালু আসে। পঞ্চগড়ের ৩৩টি নদীরই টেকসই ব্যবস্থাপনার জন্য স্টাডি চলছে। ভাঙন রোধে কার্যক্রম গ্রহণ করাসহ আরও কয়েকটি নদী ও খাল খনন করার পরিকল্পনা রয়েছে।