নাফ নদীতে ধরা পড়ল আড়াই কেজির একটি ইলিশ, দাম হাঁকা হচ্ছে ৬৫০০ টাকা

টেকনাফের নাফ নদীতে ধরা পড়া আড়াই কেজির ইলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটায় টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড বাজারে
ছবি: প্রথম আলো

বড় আকারের একটি ইলিশ মাছ হাতে নিয়ে কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড বাজারে বসে আছেন বিক্রেতা আমির হোসেন। মাছটি দেখতে ভিড় জমাচ্ছেন লোকজন। আড়াই কেজি ওজনের ইলিশ মাছের তো আর প্রতিদিন দেখা পাওয়া যায় না। বিক্রেতা মাছটির দাম হাঁকাচ্ছেন সাড়ে ছয় হাজার টাকা।

নাফ নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এই ইলিশ মাছ। আজ মঙ্গলবার দুপুরে নদীতে জাল ফেলে মাছটি ধরেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী গ্রামের জেলে নবী আলম (৩৫)।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী জেলে আবদুল হামিদ বলেন, নবী আলম ১৫ বছর ধরে নাফ নদীতে মাছ ধরছেন। আজ দুপুরে ছোট একটি নৌকায় করে ইলিশ ধরার জন্য নাফ নদীতে জাল ফেলে আসেন তিনি। পরে সন্ধ্যায় জাল তুলে দেখেন, জালে একটি বড় ইলিশসহ ১৮টি রুপচাঁদা মাছ ধরা পড়েছে। ইলিশ মাছটি ওজন করে দেখা যায়, ২ কেজি ৫০০ গ্রাম। রুপচাঁদা মাছগুলোর ওজন তিন কেজির মতো।

আরও পড়ুন

জেলে নবী আলম প্রথম আলোকে বলেন, প্রতি কেজি দেড় হাজার টাকা দরে আড়াই কেজি ওজনের এই মাছ চার হাজার টাকায় বিক্রি করেছেন মাছ ব্যবসায়ী আমির হোসেনের কাছে। আর বাকি মাছগুলো ৭০০ টাকা কেজি দরে বিক্রি করতে বসে আছেন।

মাছ ব্যবসায়ী আমির হোসেন বলেন, প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা হিসাবে আড়াই কেজি ওজনের এই মাছের দাম ৬ হাজার ৫০০ টাকা পেলে বিক্রি করবেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, চলতি বছর বাজারে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশগুলো দেড় হাজার থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে এত বড় ইলিশ খুব কমই ধরা পড়ে। তাই বেশি দাম হাঁকছেন ওই মাছ ব্যবসায়ী।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘চলতি বছর দেড় কেজি ওজনের ইলিশ বেশি ধরা পড়ছে জেলেদের জালে। বড় একটি ইলিশ ধরা পড়ার খবরটি পেয়েছি। সাধারণত এত বড় ইলিশের সহজে দেখা মেলে না।’