শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। আজ সোমবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় ঢাকা–শরীয়তপুর সড়কে।ভিডিও থেকে নেওয়া

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগ ও ফরিদপুর শহরে নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শরীয়তপুরে আজ সোমবার দুপুরে এবং ফরিদপুরে রোববার সন্ধ্যায় তাঁরা মিছিল নিয়ে বের হন। দুটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শরীয়তপুরের ভিডিওতে দেখা যায়, ঢাকা–শরীয়তপুর সড়কের জাজিরার মানিকনগর এলাকায় অনেক লোক ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। মিছিলের সামনের অংশে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে দেখা গেছে। রাশেদুজ্জামান শিকদার শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে নানা স্লোগান দিচ্ছিলেন। মিছিলে থাকা অন্য নেতা–কর্মীরাও স্লোগান দিচ্ছিলেন। ছাত্রলীগের ওই নেতা–কর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও কারাগারে থাকা সব রাজনীতিবিদের মুক্তি দাবি করেন। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়েছে।

এর আগে শনিবার রাতে ও রোববার সকালে জাজিরার তিনটি স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে, এমন একটি ভিডিও গতকাল আমাদের হাতে এসেছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এখনো তাঁদের শনাক্ত করতে পারিনি। আর আজ কোনো মিছিল হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই। যেহেতু আমাদের থানার সীমানার সঙ্গে শরীয়তপুর সদর, নড়িয়া ও মাদারীপুরের শিবচর থানার সীমানা রয়েছে, তাই অন্য কোনো থানার সীমানায় এমন কর্মসূচি হতে পারে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহর বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ যুবলীগের নেতা–কর্মীরা।

নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহর বাইপাস সড়কে
ছবি: ভিডিও থেকে নেওয়া

দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দ ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ বেশ কয়েকজন নেতা–কর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে ‘অমিও সরকার’ নামের এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, যুবলীগের নেতা–কর্মীরা একটি ব্যানার নিয়ে ওই সড়কের পাশ দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফরিদপুর জেলা শাখা’ এবং ইংরেজিতে ‘বাংলাদেশ রাইজ এগেইন’ লেখা ছিল। ভিডিওর শেষাংশে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীর নামেও স্লোগান দিতে শোনা যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘শহর বা এর আশপাশে কোনো ঝটিকা মিছিলের খবর আমাদের জানা নেই। তবে ফেসবুকে একটি ভিডিও আমরা দেখেছি। প্রাথমিকভাবে ভিডিওটি দেখে স্থানটি চিহ্নিত করা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’