যুব পঞ্চায়েত কমিটি ও ছাত্রলীগ নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকায় মাদক ব্যবসা নিয়ে যুব পঞ্চায়েত কমিটির অভিযোগের বিষয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান। এ সময় জেলা ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বলেন, দুটি হত্যাচেষ্টা মামলাকে আড়াল এবং ওই দুটি মামলা থেকে নিজেরা অব্যাহতি পেতে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে যুব পঞ্চায়েত কমিটির নেতারা মাদক ব্যবসার অভিযোগ করেছেন। তবে এর আগে ৫ অক্টোবর শান্তিবাগ যুব পঞ্চায়েত কমিটি সংবাদ সম্মেলন করে দাবি করে, ছাত্রলীগের নেতারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মেহেদী হাসানের নেতৃত্বে তাঁর চাচাতো ভাই ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

আজ দুপুরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেদী হাসান। তিনি অভিযোগ করে বলেন, শান্তিবাগ যুব পঞ্চায়েত কমিটির সদস্য ও জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম একজন ভূমিদস্যু। তিনি এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।

মেহেদী হাসান বলেন, শফিকুল ও পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক ইলিয়াছ চৌধুরী বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে আশিকুরের বসতভিটা দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ও ১৫ সেপ্টেম্বর শফিকুল ও ইলিয়াছের নেতৃত্বে তাঁদের লোকজন আশিকুরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেন। তাঁরা আশিকুরের বাড়িতেও হামলা চালান। দুটি ঘটনায় আশিকুরের মা মর্জিনা বেগম বাদী হয়ে শফিকুল, ইলিয়াছসহ তাঁদের অনুসারীদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ শফিক ও ইলিয়াছকে গ্রেপ্তার করে। তাঁরা কিছুদিন কারাভোগ করে জামিনে ছাড়া পান।

মেহেদী বলেন, ‘জেলায় ছাত্ররাজনীতিতে আশিকুর রহমানের অভিভাবক আমি। তাঁর বিপদ-আপদে এগিয়ে আসি। এ জন্য শফিকুল ও ইলিয়াছ চৌধুরী আমার ওপর ক্ষুব্ধ হয়ে আছেন।’

ভুয়া সংবাদ প্রচারের দাবি করে মেহেদী বলেন, ‘আমাদেরকে মাদক ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে শফিকুল ও ইলিয়াছ চৌধুরী স্থানীয় একটি অনুমোদনহীন ভুয়া অনলাইন নিউজ পোর্টালের ভুয়া সাংবাদিককে দিয়ে ধারাবাহিক অবান্তর, মিথ্যা ও ভুয়া সংবাদ পরিবেশন করেছে। কিন্তু আমরা মাদক ব্যবসা করি না। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয়, সহসম্পাদক আশরাফুল ইসলাম, জেলা শ্রমিক লীগের কর্মী মো. কামাল মিয়া, সমাজকর্মী আজিজুল হক, পৌর ছাত্রলীগের কর্মী মাশিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে শান্তিবাগ যুব পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক ও জেলা রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াস চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের ভাই আশিকুর এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা করে আসছেন। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে তিনিসহ যুব পঞ্চায়েত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক তাঁকে হাতেনাতে আটক করেন। পরে মেহেদী হাসান তাঁর লোকজন নিয়ে হামলা চালিয়ে আশিকুরকে ছাড়িয়ে নিয়ে যান। ওই ঘটনায় মেহেদী হাসান, আশিকুরসহ ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মেহেদী হাসানের ক্ষমতার জেরেই তার ছোট ভাই ও তাঁর লোকজন এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন।