মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ, সড়কে ছিটকে পড়ে ক্যাভার্ড ভ্যানের চাপায় ২ চালক নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন উভয় চালক। এ সময় একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তাঁরা। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার ও কাভার্ড ভ্যান জব্দ করেছে ধামরাই থানার পুলিশ। আটক করা হয়েছে কাভার্ড ভ্যানের চালককে। নিহত মোটরসাইকেল চালক পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭)। তিনি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। তিনি পুলিশ হেডকোয়ার্টাসে কর্মরত ছিলেন। সাইকেলচালক আবদুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুর এলাকায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারেক ও বাইসাইকেলের চালক আবদুল কুদ্দুস সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ধামরাই থানার পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দসহ চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক করে তারা।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। স্থানীয় লোকজন সাইকেলচালককে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলেন। তিনিও মারা গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।