বরগুনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ২ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক
ছবি: সংগৃহীত

নাশকতার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফাইজুল মালেক ওরফে সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন ওরফে প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে জেলা বিএনপির নেতারা অভিযোগ করছেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে পণ্ড করতে পুলিশ এ ধরপাকড় অভিযান শুরু করেছে।

জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা প্রথম আলোকে বলেন, সরকার বিএনপির নেতা–কর্মীদের নির্যাতনের জন্য পুলিশকে ব্যবহার করছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সরকার পুলিশের কথিত বিশেষ অভিযানের নামে বিএনপির নেতা–কর্মীদের গ্রেপ্তার শুরু  করছে। এতে নেতা–কর্মীরা গণগ্রেপ্তারের আতঙ্কে আছে।

জেলা বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ ডিসেম্বরের গণসমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের অংশগ্রহণের কথা ছিল। তবে পুলিশের ধরপাকড় অভিযান চালিয়ে সমাবেশকে পণ্ড করার চেষ্টা করছে। তবে এভাবে গ্রেপ্তার অভিযান চালিয়ে সমাবেশকে বাধাগ্রস্ত করা যাবে না বলে দাবি বলেন নেতা–কর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব তারিকুজ্জামান ওরফে টিটু প্রথম আলোকে বলেন, ‘বিশেষ অভিযানের নামে পুলিশের ধরপাকড় আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা রাজনৈতিক মামলায় জামিনে আছেন। তাঁদের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই।’

জানতে চাইলে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, চলতি বছরের একটি নাশকতার মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।