রোহিঙ্গা আশ্রয়শিবিরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা আশ্রয়শিবির
ফাইল ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আদিয়া খাতুন (২৩)। তিনি ওই আশ্রয়শিবিরের ডি-৬ ব্লকের বাসিন্দা সমছু আলমের মেয়ে ও একই শিবিরের বাসিন্দা মো. নূর কামালের স্ত্রী। আদিয়া ও নূরের সংসারে দুটি কন্যাসন্তান আছে।

হত্যাকাণ্ডের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্যবস্থাপনা কমিটির হেড মাঝি নুরুল আমিন। এ বিষয়ে জানার জন্য ওই রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সুপার মো. জামাল পাশার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোহিঙ্গা শিবিরে নিজের বসতঘরের সঙ্গে লাগোয়া একটি চায়ের দোকান আছে মো. নূর কামালের। আজ সকালে নূর কামাল দোকান থেকে ঘরে যান। পারিবারিক কলহের জেরে তখন স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নূর কামাল উত্তেজিত হয়ে তাঁর স্ত্রী আদিয়া খাতুনের পেটে ছুরিকাঘাত করেন। এরপর দৌড়ে পালিয়ে যান তিনি। স্থানীয় লোকজন নূর কামালকে পালিয়ে যেতে দেখে তাঁর ঘরে গেলে রক্তাক্ত অবস্থায় আদিয়া খাতুনকে দেখতে পান। পরে আহত অবস্থায় আদিয়া খাতুনকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরসংলগ্ন আইআরসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।