১১২ বছরেও বাগেরহাট টেক্সটাইল ইনস্টিটিউটের ভবন হয়নি, নানা সংকটে পাঠদান ব্যাহত 

শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ভবন নেই। শিক্ষকের পাঁচটি পদ শূন্য। স্থান সংকুলান না হওয়ায় এবং শিক্ষক–সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
ছবি: প্রথম আলো

পোশাক তৈরির বিষয়ে হাতে–কলমে শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১১২ বছর আগে। আজও এই শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ভবন হয়নি। আছে শিক্ষক ও কর্মচারীর সংকট। খেলার মাঠ নেই। শিক্ষক–সংকটের কারণে এখানে পাঠদান ব্যাহত হচ্ছে। বেশি জায়গা না থাকায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি স্থাপন করতে না পারায় ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক কসরত করতে পারছে না। 

এই চিত্র বাগেরহাট সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের। শিক্ষক–সংকট, খেলার মাঠ না থাকাসহ বিভিন্ন সমস্যার কারণে এখানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। পোশাকশিল্প খাতে দক্ষ জনবল তৈরি ও কারিগরি শিক্ষার প্রসারে টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউটের এসব সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

ইনস্টিটিউট সূত্রে জানা যায়, ১৯১১ সালে বয়ন বিদ্যালয় নামে বাগেরহাটে টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালনায় টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউট নামে শিক্ষা কার্যক্রম শুরু হয়। শহরের দশানী এলাকার একটি ভাড়াবাড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। বর্তমানে ওই বাড়ির একতলা টিনশেডের দুটি ভবন এবং দোতলা একটি ভবনে এক অংশে চলছে শিক্ষাকার্যক্রম। এতে সব মিলিয়ে ছোট–বড় ৯টি কক্ষ আছে। এর মধ্যে একটি কক্ষ ল্যাব, একটি কক্ষ কার্যালয় এবং বাকি কক্ষগুলোতে পাঠদান করা হয়। 

এই শিক্ষাপ্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণিতে ৪টি ট্রেডে ১৬০ শিক্ষার্থীর পড়ার সুযোগ রয়েছে। ট্রেড চারটি হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ও ওয়েভিং। তবে অনুমোদিত ১৬০টি আসনের বিপরীতে নবম শ্রেণিতে মাত্র ৬৯ শিক্ষার্থী ভর্তি হয়েছে ২০২৩ সালে। দশম শ্রেণির শিক্ষার্থী সংখ্যাও প্রায় একই রকম।

আসন অনুযায়ী প্রতিবছর ১৬০ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা; কিন্তু ২০২৩ সালে মাত্র ৩৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রতিবছরই প্রায় অর্ধেক আসন খালি থাকে প্রতিষ্ঠানটিতে। এখানে একজন সুপারিনটেনডেন্ট, তিনজন ইনস্ট্রাক্টর, তিনজন শিক্ষক, একজন টেইলার মাস্টারসহ মোট ১৭টি পদ রয়েছে। এর মধ্যে পাঁচটি পদ শূন্য রয়েছে। এগুলো হচ্ছে, সুপারিনটেনডেন্ট, ইনস্ট্রাক্টর, বিজ্ঞান, ভাষা ও টেকনিক্যাল শিক্ষকের পদ।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ভাড়াবাড়িতে বেশি কক্ষ না থাকায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য সার্কুলার নিটিং মেশিন, ওয়েভিং এয়ার জেট লুম, ডাইং মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র স্থাপন করা যাচ্ছে না। ফলে হাতে–কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না শিক্ষার্থীরা।

অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ট্রেডের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম রেশমা বলেন, ‘এখানে হাতে–কলমে অনেক কিছুই শিখতে পারছি। দুই বছরের এই কোর্সে আমরা যেমন এসএসসি পাসের সনদ পাচ্ছি, তেমনি চাইলে নিজেও কিছু করার মতো যোগ্যতা অর্জন করছি। তবে আমাদের যেসব বিষয় পড়ানো হয়, সব বিষয়ের বাস্তবসম্মত প্রশিক্ষণ থাকলে অনেক ভালো হতো।

ওয়েভিং ট্রেডের শিক্ষার্থী জান্নাত খাতুন বলেন, ‘কাপড় বুনন অনেক বড় একটি শিল্প। এর জন্য তাঁতসহ বিভিন্ন মেশিনে কাজ করতে হয়। এখানে পড়ে আমরা কাপড় বুননশিল্প সম্পর্কে একটি বেসিক ধারণা পাই। তবে আরও বেশি ধারণা হলে, উচ্চশিক্ষা ও কাজের ক্ষেত্র প্রসারিত হতো।’

ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং ট্রেডের শিক্ষার্থী রাব্বি হোসেন বলেন, বিদ্যালয়ে একটি খেলার মাঠ নেই। এখানে  পড়ে উচ্চশিক্ষার জন্য বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ না হয় খুলনায় যেতে হয়। যদি বাগেরহাটে একটি প্রতিষ্ঠান থাকত, তাইলে অনেক ভালো হতো।

ফিরোজা বেগম নামের এক শিক্ষক বলেন, ইনস্ট্রাক্টর ও শিক্ষকদের পদ শূন্য থাকায় আমাদের ওপর অনেক চাপ পড়ে যায়। তারপরও আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি।

বাগেরহাট টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদুল হাসান বলেন, ভাড়াবাড়িতে শিক্ষাক্রম পরিচালনায় বেশকিছু সমস্যা হয়। নিজস্ব জমির জন্য তাঁরা বাগেরহাট জেলা প্রশাসকের দপ্তরে এক একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠিয়েছেন। শিক্ষক–সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শিক্ষার্থী কম ভর্তি হওয়া সম্পর্কে তিনি আরও বলেন, শিল্প–কলকারখানা থাকা এবং কারিগরি শিক্ষার গুরুত্ব সম্পর্কে না জানায় এলাকার অভিভাবকেরা তাদের শিক্ষার্থীদের এখানে ভর্তি করাতে চান না। তবে টেক্সটাইল ভোকেশনালে পড়লে কারও বেকার থাকা লাগে না।

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) রোহান সরকার বলেন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী এক একর জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির জমি বুঝিয়ে দেওয়া হবে।

বস্ত্র অধিদপ্তর খুলনা বিভাগীয় উপপরিচালক (কারিগরি) এম এম আয়ুব রানা ওসমানী বলেন, ‘টেক্সটাইল সেক্টরে দক্ষ জনবল তৈরি সরকার কাজ করছে। বস্ত্র অধিদপ্তরের অধীনে খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ, বরিশালে নতুন প্রতিষ্ঠান করা হয়েছে। যেখানে টেক্সটাইলে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন শিক্ষার্থীরা।’