রাজধানীতে দুজনের লাশ উদ্ধার

লাশ উদ্ধারপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক ব্যক্তির এবং গুলিস্তানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পাশ থেকে আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, আজ বুধবার বেলা পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অস্ত্রোপচার বিভাগের পাশের গলি থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল ময়লা ও ছেঁড়া পোশাক। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এর আগে আজ সকাল পৌনে আটটার দিকে গুলিস্তানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিআইপি ফটকের পাশ থেকে আরেক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। বয়স ৬০ বছর হতে পারে।

পল্টন থানার উপপরিদর্শক শাহ আলম প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি পল্টন এলাকায় ঘোরাফেরা করতেন এবং স্টেডিয়ামের গেটে ঘুমাতেন। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে আজ সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।