শহর ছাড়লেন মেয়র আরিফুল, দেবেন না ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী শ্যামা হককে নিয়ে ভোটের দিন সিলেট শহর ছাড়েন মেয়র আরিফুল হক চৌধুরী
ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোট দিচ্ছেন না বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও তার সঙ্গী দলগুলো দেশের পাঁচ সিটি নির্বাচন বর্জন করেছে। এ অবস্থায় টানা দুবার জয় পাওয়া আরিফুলও নির্বাচনে অংশ নেননি।

২ জুন সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে মেয়র আরিফুল হক সিলেটেই অবস্থান করছিলেন। সিটি করপোরেশনের নানা কর্মসূচিতে তিনি অংশ নিলেও নির্বাচন নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল হক সিলেট শহর ছেড়েছেন।

আরিফুল হকের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, মেয়র আরিফুল হক নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি এখনো স্বপদে বহাল। যেহেতু তাঁর দল বিএনপি নির্বাচন বর্জন করেছে এবং তিনিও প্রার্থী হননি, তাই নির্বাচনের দিন তিনি হঠাৎই সপরিবার দাদার বাড়ি বেড়ানোর পরিকল্পনা করেন।

এর অংশ হিসেবেই তিনি আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের উদ্দেশে রওনা দেন। মেয়রের সঙ্গে তাঁর স্ত্রী শ্যামা হক ও তাঁর ব্যক্তিগত তিনজন কর্মকর্তা আছেন।

কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে মেয়র আরিফুলের অনেক আত্মীয়স্বজন আছেন। অবশ্য আজ রাতেই সেখান থেকে মেয়রের ফেরার কথা রয়েছে।

যোগাযোগ করলে মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার দল বিএনপি প্রহসনের এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলের সিদ্ধান্তের কারণে আমিও নির্বাচনে অংশ নিইনি। তাই এ নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহই নেই। যে নির্বাচনে ভোটের অধিকার নেই, সে নির্বাচনে কেউ যেন ভোট দিতে না যান, সে অনুরোধই আমি নগরবাসীকে করছি।’

আরিফুল হক চৌধুরী ২০১৩ সালে আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হারিয়ে প্রথমবার মেয়র হন। ২০১৮ সালের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেন। একমাত্র সিলেটে বিএনপি থেকে আরিফুল হক মেয়র নির্বাচিত হন।