নোয়াখালীতে সমাবেশের আগের রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা গ্রেপ্তার
নোয়াখালীতে পুলিশের অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। আজ শহরে বিএনপি বিক্ষোভ সমাবেশের আগের রাতে ‘হঠাৎ অভিযান’ এ গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন দলটির নেতারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ওরফে রায়হান, দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুল করিম ওরফে মুন্না, ২০ নম্বর আন্ডারচর ইউনিয়ন যুবদলের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মো. মাইন উদ্দিন ও ১১ নম্বর নেয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য অলি উল্যাহ ওরফে রিপন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া অন্য চারজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার নেতাদের আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে সুবর্ণচরে উপজেলা বিএনপি একটি বড় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিশাল শোডাউন হওয়ায় ক্ষমতাসীন দলের নেতারা বেসামাল হয়ে পড়েছেন। তাই তাঁরা পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি শুরু করেছেন।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে প্রথম আলোকে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এবং ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে সুবর্ণচরে উপজেলা বিএনপি একটি বড় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিশাল শোডাউন হওয়ায় ক্ষমতাসীন দলের নেতারা বেসামাল হয়ে পড়েছেন। তাই তাঁরা পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি শুরু করেছেন। যার অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে ‘হঠাৎ অভিযান’ চালিয়ে দলের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানতে চাইলে বিএনপির নেতাদের গ্রেপ্তার অভিযানকে নিয়মিত অভিযান হিসেবে দাবি করেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান। প্রথম আলোকে তিনি বলেন, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনাসহ নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান পাঠান বলেন, আজ জেলা শহরে বিএনপি বিক্ষোভ সমাবেশের কর্মসূচির সঙ্গে এ গ্রেপ্তার অভিযানের কোনো সম্পর্ক নেই। এটি পুলিশের নিয়মিত অভিযান।