পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ কম, লঞ্চঘাটে যাত্রীদের ভিড়
ঈদ সামনে রেখে দুই দিন আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন লোকজন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট হয়ে ঈদে বাড়ি যান। তবে এ বছর এখন পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চিরচেনা উপচে পড়া চাপ নেই। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফেরিঘাটে যাত্রী ও যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা গেছে।
আগে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঈদে ঘরমুখী মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথ হয়ে বাড়ি ফিরতেন। তবে গত বছরের জুনে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে গেছে। এ কারণে এবার ঈদেও পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ গত সময়ের চেয়ে কম। পর্যাপ্তসংখ্যক ফেরি থাকায় ঘাটে আসার পরপরই যানবাহন ও যাত্রীরা ফেরিতে উঠতে পারছেন।
আজ সকাল থেকে পাটুরিয়া ঘাটে প্রাইভেট কারের চাপও কম দেখা গেছে। প্রাইভেট কারগুলো ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া থেকে নালী সড়ক হয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে যাচ্ছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় অর্ধশত যাত্রীবাহী বাস ও ১৫ থেকে ২০টি প্রাইভেট কার ঘাটে দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে পাটুরিয়ার চার নাম্বার ঘাট এলাকায় ফরিদপুরগামী গোল্ডোন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের চালক সোরহাব হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, প্রতিবছর ঈদের সময় গাবতলী থেকে পাটুরিয়ায় যেতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লেগে যেতো। তবে এবার সেই ভোগান্তি নেই বললেই চলে। ঘাটে আসার পর অল্প সময়ের মধ্যে ফেরিতে উঠতে পেরেছেন তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। গত বছরের ঈদের সময়ের তুলনায় এবার পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ একেবারেই কম। এ ছাড়া পর্যাপ্ত ফেরি থাকায় এই নৌপথে কোনো দুর্ভোগ ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে।
লঞ্চঘাটে ভিড়
আজ ভোর থেকে পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। ঢাকা, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঈদে ঘরমুখী যাত্রীরা বাসে পাটুরিয়ার পুরাতন ট্রাক টার্মিনালে নামছেন। এরপর আধা কিলোমিটারের বেশি পথ হেঁটে লঞ্চঘাটে যাচ্ছেন এসব যাত্রীরা। এদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে ঘাট এলাকায় দায়িত্বরত নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা দেখা গেছে।
ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন ইব্রাহিম মিয়া ও আসমা আক্তার। পাঁচ বছরের ছেলে সন্তানকে নিয়ে এই দম্পতি রাজবাড়ীর পাংশায় যাচ্ছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চঘাট এলাকায় ইব্রাহিম মিয়া বলেন, গত সময়ের চেয়ে রাস্তাঘাটে এবার সময় কম লেগেছে। সময় কম লাগায় তাঁরা লঞ্চেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পাটুরিয়া লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পান্নালাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এবার ঈদে লঞ্চের যাত্রীও কিছুটা কম। তবে আজ ভোর থেকে যাত্রীর সংখ্যা তুলনামূলক বাড়তে শুরু করেছে।
পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, লঞ্চগুলোয় যেন অতিরিক্ত যাত্রী বহন না করা হয়, সে ব্যাপারে প্রতিনিয়ত লঞ্চের মাস্টার ও সুকানিদের সতর্ক করা হচ্ছে।