সিঙ্গাইরে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছিল ডিজেল, দুই পরিবেশককে জরিমানা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রির ব্যবসায়ীকে জরিমানা করে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে উপজেলার চান্দহর বাজারেছবি: প্রথম আলো

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে দুই পরিবেশককে (ডিলার) ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসির মালিককেও জরিমানা করা হয়।

আজ বুধবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চান্দহর বাজার ও সিরাজপুর বাজারে অভিযান চালায় অধিদপ্তরের জেলা কার্যালয়। এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মো. আসাদুজ্জামান রুমেল। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানিকগঞ্জের বিভিন্ন সিএনজি ও ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এই সুযোগে কিছু ডিলার ও ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুত করছেন এবং অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করছেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে চান্দহর বাজারের তরিকুল স্টোরে প্রতি লিটার ডিজেল ১১০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়, যেখানে সরকার নির্ধারিত দাম ১০০ টাকা। এ অভিযোগে দোকানের মালিক তরিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে শহীদ মেডিসিন কর্নারের মালিক শহীদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সিরাজপুর বাজারে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজে প্রতি লিটার ডিজেল ১৫০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। এ ঘটনায় মালিক মুহাম্মদ মিলন মাহমুদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত ১০০ টাকার পরিবর্তে কোথাও ১১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত দামে ডিজেল বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযানে হাতেনাতে প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।