‘টাকা বিতরণ নিয়ে’ বাগেরহাটে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ৮

সংঘর্ষপ্রতীকী ছবি

ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ঘিরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কমপক্ষে আটজন আহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামায়াতের নেতা–কর্মীদের অভিযোগ, ধানের শীষের নেতা–কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতে বেরিয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় জামায়াতের কর্মীরা সেখানে গেলে তাঁদের ওপর হামলা হয়। এতে তাঁদের কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। তাঁদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

তবে বিএনপির নেতা–কর্মীদের অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে এলাকায় ঢুকেছিলেন। তখন কথা–কাটাকাটির একপর্যায়ে গন্ডগোল হয়। এতে বিএনপির দুজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক। বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ।

জামায়াতের আহত ছয় কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেন জানান বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হকের প্রধান নির্বাচনী এজেন্ট মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতা–কর্মী টাকা বিতরণ করতে বেরিয়েছিলেন। খবর পেয়ে স্থানীয় জামায়াতের কর্মীরা পিছু নিলে তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন বিএনপির লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

তবে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদের ভাষ্য, ৮ থেকে ১০ জন জামায়াতের লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট দিচ্ছিলেন। বিএনপির কর্মীরা তাঁদের বাধা দিলে এক কথায়, দুই কথায় তাদের মধ্যে গন্ডগোল বাধে। তিনি বলেন, ‘আমাদের দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

জানতে চাইলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।