শিশিরভেজা সকালে কমলগঞ্জে ‘আলট্রা ট্রেইল ম্যারাথন’
মাঝারি শীত আর কুয়াশাঘেরা সকালে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘আলট্রা ট্রেইল ম্যারাথন ২০২২’। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শমশেরনগর চা–বাগান ফুটবল মাঠ থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের তিন শতাধিক দৌড়বিদ এ ম্যারাথনে অংশ নেন।
শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে এবার চতুর্থবারের মতো আলট্রা ট্রেইল ম্যারাথনের আয়োজন করা হয়েছে। আয়োজকেরা জানান, এর আগে তাঁরা তিনবার এ ম্যারাথনের আয়োজন করেছেন। সর্বশেষ ২০২০ সালের ১৯ জানুয়ারি দেশ ও বিদেশের হাজারের বেশি দৌড়বিদের অংশগ্রহণে ১০ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ৫০ কিলোমিটার—তিন ধাপে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। করোনা সংক্রমণের কারণে এর পর ম্যারাথন আয়োজন বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আজ সকালে ২১ কিলোমিটার ও ৫০ কিলোমিটার—এই দুই ধাপে দৌড়বিদেরা ম্যারাথনে অংশ নিয়েছিলেন।
এর মধ্যে ২১ কিলোমিটার পর্বে ১ ঘণ্টা ৪৬ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন সিলেট সেন্ট্রাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম আহমদ। অন্যদিকে ৫০ কিলোমিটার পর্বে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক রাজন মিয়া (৪৫)। ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে তিনি সময় নিয়েছেন সাড়ে তিন ঘণ্টা।
শমশেরনগর রানার্স কমিউনিটি সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টায় দৌড় শুরুর পর শমশেরনগর চা–বাগান কারখানা অতিক্রম করেন দৌড়বিদেরা। সেখান থেকে ১ কিলোমিটার পাড়ি দেওয়ার পর ২১ ও ৫০ কিলোমিটার দূরত্বের দৌড়বিদেরা দুই ভাগে বিভক্ত হন। চা-বাগানের আঁকাবাঁকা ও উঁচুনিচু পথ ধরে দৌড়ান দেশি-বিদেশি দৌড়বিদেরা। দেশের বিভিন্ন প্রান্তের নারী দৌড়বিদেরাও এই আয়োজনে অংশ নেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় লোকজন দৌড়বিদদের হাত নেড়ে স্বাগত জানান।
ঢাকার বসুন্ধরা রানার্স গ্রুপের সদস্য পলি ইসলাম এবার দ্বিতীয়বারের মতো এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন। ২০২০ সালে অংশ নিয়ে প্রথম হয়েছিলেন। পলি ইসলাম বলেন, ‘ঢাকাসহ অন্যান্য শহরেও ম্যারাথনের আয়োজন হয়, তবে শমশেরনগর ম্যারাথনের মজাই আলাদা। প্রাকৃতিক পরিবেশে দৌড়ের সঙ্গে এখানে ভোরের পাখির ডাক শোনা যায়। এ ছাড়া পথে পথে বানর, কাঠবিড়ালসহ অনেক জীববৈচিত্র্যের দেখা মেলে।’
এবারের ম্যারাথনে ২১ কিলোমিটার দূরত্বে প্রথম হওয়া ফাহিম আহমদ বলেন, গত তিন বছরে তিনি ২২টি ম্যারাথনে অংশ নিয়েছেন। ২০২০ সালে শমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিয়ে তিনি দশম হয়েছিলেন। তবে এবার একলাফে প্রথম স্থানে চলে আসায় তিনি আনন্দিত।
শমশেরনগর রানার্স কমিউনিটির অ্যাডমিন নবীল শমশেরী বলেন, বাংলাদেশ ছাড়াও ১৮ জন বিদেশি দৌড়বিদ এবারের ম্যারাথনে অংশ নিয়েছেন। তবে একই দিনে সিলেটে আরও একটি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য অনেক দৌড়বিদ এখানে আসতে পারেননি। ৫০ কিলোমিটার পর্বে প্রথম স্থান অধিকারীকে পাওয়া গেছে। তবে পুরো প্রতিযোগিতা শেষ করতে বেলা ২টা বাজতে পারে বলে ধারণা করছেন তিনি।