চকরিয়ায় ঘেরের কর্মচারী হত্যার প্রধান অভিযুক্ত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘেরের কর্মচারীকে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ইসহাককে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকার একটি বসতঘর থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকার নতুনঘোনায় একটি মাছের ঘেরে ছুরিকাঘাতে নিহত হন আজিজুর রহমান (৪০) নামের এক কর্মচারী। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা হত্যার পর থেকেই ইসহাককে প্রধান অভিযুক্ত ব্যক্তি বলে দাবি করে আসছেন।

স্থানীয় দুজন জনপ্রতিনিধি বলেন, মাছের ঘেরে সৌর প্যানেলের বাল্ব টানানো নিয়ে আজিজুরের সঙ্গে ইসহাকের ঝগড়া হয়। একপর্যায়ে ইসহাক আরও কয়েকজন লোক ডেকে নিয়ে আজিজুরকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন আজিজুরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে কাজ করেছে। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই মাছের ঘেরের কর্মচারী আজিজুর হত্যার প্রধান অভিযুক্ত ব্যক্তি ইসহাককে আটক করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত থানায় লিখিত এজাহার দেওয়া হয়নি।

নিহত ব্যক্তির পরিবার বলছে, লাশের ময়নাতদন্ত, জানাজা ও দাফন-কাফন নিয়ে ব্যস্ত থাকায় তারা থানায় লিখিত এজাহার দিতে পারেনি।