সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মৃত শ্রমিকদের স্বজনদের আহাজারি। আজ বুধবার বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামেছবি : প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া গ্রামে আলী মিয়ার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন শ্রমিকেরা। দুপুরে ট্যাংকের ভেতরে কর্মরত দুই শ্রমিকের সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন অন্য দুই শ্রমিকও ভেতরে যান। পরে কারও সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক আহমেদ বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিস খবর পায়। তারা এসে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সেপটিক ট্যাংকের ভেতর ঢোকেন। পৌনে ছয়টার দিকে চারটি লাশ উদ্ধার করা হয়। সেপটিক ট্যাংকের ভেতর বিদ্যুতের লাইন নিয়ে কাজ করা হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই চারজন মারা গেছেন।