যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল: রাশেদ খান মেনন
জাতীয় নির্বাচনের আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আজ বেলা তিনটায় নাটোরের কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ডে জাতীয় কৃষক সমিতির সপ্তম কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে উপলক্ষে সারা দেশ থেকে আসা নেতারা সন্ধ্যার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মিলনায়তনে তাঁদের মতামত তুলে ধরবেন। কাল বুধবার দুপুর পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে অংশ নিতে দুপুরে সার্কিট হাউসে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান মেনন।
বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের স্যাংশন ও ভিসা নীতি প্রত্যাখ্যান করেছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘আমেরিকা সব সময় বিশ্বের বিভিন্ন দেশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নানা কৌশল অবলম্বন করে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগমুহূর্তে আমেরিকা সম্প্রতি তাদের ভিসা নীতি ঘোষণা করে। নির্বাচনের সঙ্গে তাঁদের ভিসা নীতির কী সম্পর্ক তা স্পষ্ট নয়। বাংলাদেশের মানুষ নির্বাচনকে কীভাবে গ্রহণ করবেন, তা তাঁরাই ঠিক করবেন। এ ব্যাপারে আমেরিকার নীতিনির্ধারণের কিছু থাকতে পারে না। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের শামিল।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও বলেন, ‘আমেরিকা তাদের মতামত চাপিয়ে দেওয়ার জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর স্যাংশন, বাণিজ্য অবরোধসহ নানা কৌশল অবলম্বন করেছে। এবারের ভিসা নীতি ঘোষণা তারই ধারাবাহিকতা। এটা বাংলাদেশের সাধারণ মানুষ গ্রহণ করেনি। তাঁরা এই নীতি প্রত্যাখ্যান করেছেন।’
রাশেদ খান মেনন বাম আন্দোলন সম্পর্কে বিশ্ব পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের অন্যান্য বাম রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়েও সমালোচনা করেন। আগামী জাতীয় নির্বাচনে তাঁর দলের অবস্থান কী হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে বলার মতো এখনো সময় আসেনি।’
এদিকে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব লোকমান হোসেনসহ নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন। রাশেদ খান মেনন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।