চলাচলের পথে বেড়া, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর ও ফসলি জমিতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। গত শনিবার
ছবি: প্রথম আলো

রাজশাহীর বাগমারা উপজেলায় ইটভাটার পাশ দিয়ে পায়ে হেঁটে চলাচলের একটি পথ মালিক বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তিরা ওই পথ খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তাঁকে বারবার নির্দেশ ও অনুরোধ করার পরও তিনি পথটি খুলে দিচ্ছেন না।

ওই ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি উপজেলার বাড়ীগ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ীগ্রামের খোরশেদ আলম চাঁইসাড়া গ্রামে কৃষকদের জমি পাঁচ বছরের জন্য ইজারা নিয়ে ‘মেসার্স ব্রাদার্স ব্রিকস’ নামের একটি ইটভাটা নির্মাণ করেন। ইটভাটার পাশে কয়েকটি পুকুর ও আবাদি জমি রয়েছে। পুকুরে মাছ চাষ ও আবাদি জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয়ে থাকে। ইটভাটার পাশের রাস্তা দিয়ে পুকুরে ও বিলে কৃষকদের যেতে হয়।

গত শনিবার সরেজমিনে দেখা যায়, খোরশেদ আলম ইটভাটা ও পুকুরের প্রবেশমুখে একটি প্রাচীর দিয়ে সেখানে দরজা বসিয়েছেন। এ ছাড়া কৃষক ও মৎস্যচাষিদের চলাচলের পথ জাল ও বেড়া দিয়ে ঘিরে রেখেছেন।

স্থানীয় লোকজন বলেন, গত ৪ সেপ্টেম্বর বেড়া ও দরজা বসানো হয়। এর ফলে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। খোরশেদ শুধু ইটভাটায় যাওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছেন। বিষয়টি দেখার পর স্থানীয় কৃষক, মৎস্যচাষি ও জমির মালিকেরা তাঁদের চলাচলের পথ বন্ধ না করার অনুরোধ জানান। কিন্তু খোরশেদ তাঁদের কোনো অনুরোধ রক্ষা করেননি। ওই দিনই তাঁরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দেন।

নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, যে জমিতে বেড়া দিয়ে ও দরজা বসিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, সেটাও তাঁদের। ইটভাটায় মাদক সেবন ও ব্যবসা চলে। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করায় এবং প্রশাসনের লোকজন যাতে সহজে সেখানে যেতে না পারেন, সে জন্য বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এসব বিষয় জানিয়ে তাঁরা অভিযোগ দিয়েছেন।

বাগমারার ইউএনও সাইদা খানম জেলা প্রশাসকের কাছে পাঠানো তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, লোকজনের কৃষিজমি ও পুকুরে যাতায়াতের প্রতিবন্ধকতা তৈরি করে গেট নির্মাণ ও বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া ইটভাটার অভ্যন্তরে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। তিনি বেড়া অপসারণের নির্দেশ দিয়েছেন। গত মাসে এ–সংক্রান্ত একটি চিঠি খোরশেদ আলমকে দিয়েছেন।

ইটভাটার মালিক খোরশেদ আলম বলেন, তাঁর ইটভাটায় মাদক সেবন ও বিক্রির অভিযোগ মিথ্যা।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আফজাল হোসেন বলেন, তাঁরা বিষয়টি নিয়ে একাধিকবার বসেছেন এবং খোরশেদকে প্রতিবন্ধকতা অপসারণের জন্য বলেছেন। তবে তিনি পুলিশের কথা শোনেননি বলে জানান।