রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠান শুরুর আগেই হামলা ও মঞ্চ ভাঙচুর, আহত ১০

এনসিপির আয়োজনে ফল উৎসব শুরুর আগেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নে কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠান শুরুর আগেই হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় এনসিপির নেতা–কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়। এনসিপির দাবি, অনুষ্ঠান শুরুর আগেই ছাত্রদলের নেতা–কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির উদ্যোগে একটি ফল উৎসবের আয়োজনের প্রস্তুতি চলছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং প্রধান বক্তা হিসেবে দলের সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের উপস্থিত থাকার কথা ছিল।

বেলা তিনটার দিকে মোটরসাইকেল বহর নিয়ে একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালায়। এ সময় তারা অনুষ্ঠানস্থলে মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। বাধা দিতে গেলে এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় এনসিপির উপজেলা সংগঠক আল ফারাবী, জাতীয় যুবশক্তি জেলার যুগ্ম সদস্যসচিব ইমন, এনসিপির জেলা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তারেকসহ এনসিপির ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রক্তাক্ত অবস্থায় ফারাবীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় এনসিপির নেতা–কর্মীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিকেল সাড়ে চারটার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঘটনাস্থলে আসেন।

এনসিপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের দাবি, জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদের নেতৃত্বে তাঁর অনুসারী নেতা–কর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছেন। তিনি অভিযোগ করেন, শুক্রবার রাতেও তাঁর নেতৃত্বে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল। ওই জায়গায় অনুষ্ঠান না করার জন্য হুমকি দেওয়া হয়েছিল। তবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার কথা দেওয়া হয়েছিল।

ঘটনার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান মাহমুদ দাবি করেন, ‘এটি সম্পূর্ণ ফাও ঘটনা। শুধু শুধু আমার নাম জড়ানো হচ্ছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আপনারা খোঁজ নিয়ে দেখেন।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে নিরাপত্তায় পুলিশ, স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় বিএনপিরও প্রস্তুতি ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এনসিপির অনুষ্ঠান শুরুর আগে দুই–তিনজন দুর্বৃত্ত মঞ্চের বাঁশ ভাঙচুর করে। পরে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করে চলে গেছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের দলীয় পরিচয় এখনো পাওয়া যায়নি।