তেঁতুলিয়ায় সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজন রানাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্তে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার সুজন রানা (৩০) নামের এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত সুজন রানার দুলাভাই (বড় বোনের স্বামী) জনি প্রধান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেঁতুলিয়া মডেল থানায় মামলাটি করেন।

এর আগে গতকাল দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে নিহত রানার লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার গোরস্থানে সুজনের লাশ দাফন করা হয়।

সুজন রানা ভারতীয় সীমান্তঘেঁষা ডাঙ্গাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার ভোরে উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্তের শিবচন্ডী এলাকাসংলগ্ন করতোয়া নদীর পাড় থেকে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুজন রানা (সুজন ইসলাম) গত সোমবার ভোররাত চারটার দিকে করতোয়া নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে ভোর ৬টা ২০ মিনিটের দিকে পরিবারের লোকজন খবর পান বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সুজনকে শিবচন্ডী এলাকায় নিয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করেছে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় একটি মাইক্রোবাসে রংপুরে নিয়ে যান তাঁরা।

পথে অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে ক্ষত স্থানে সেলাই ও ব্যান্ডেজ করা হয়। এরপর সেখানকার চিকিৎসক সুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলেন। পরে সেখান থেকে রংপুরে নেওয়ার পথেই রাত ৯টা ১০ মিনিটে সুজন মারা যান। রাত একটার দিকে সুজনের লাশ বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা। খবর পেয়ে তেঁতুলিয়া থানা-পুলিশ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আইবুল ইসলাম গতকাল বলেছিলেন, সুজন রানা আগে থেকে ভারতীয় গরুর ব্যবসা করতেন। সোমবার রাতে সুজনসহ পাঁচ-ছয়জনের একটি দল সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়। ফেরার পথে সুজন রানা ভারতের মদনবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে ধরা পড়েন। মারধরের একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুজনকে গুলি করে বাংলাদেশ সীমান্তের কাছে এনে ফেলে চলে যায়। সেখানে সুজনের চিৎকারে আশপাশের জেলে ও শ্রমিকেরা এগিয়ে আসেন। তাঁরা সুজনের পরিবারকে খবর দেন।

বিজিবি মাগুরমারী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুই জানা যায়নি। ঘটনার নির্দিষ্ট কোনো জায়গা খুঁজে না পাওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও কোনো কথা হয়নি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেতে কিছুটা সময় লাগবে। তবে প্রাথমিক সুরতহাল অনুযায়ী গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কার গুলিতে তিনি মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলা হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছেন তাঁরা।