গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
গোপালগঞ্জ সদরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার গোপীনাথপুর হাসপাতাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ফরহাদ হোসেন (৩৫) ও সৈয়দ ব্যাপারী (৩০)। ফরহাদ গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের আকরাম আলি শেখের ছেলে। সৈয়দ ব্যাপারীর বাবা নাম মালেক ব্যাপারী, বাড়ি মাদারীপুরে। সৈয়দ ব্যাপারী ভাঙারি মালামাল কেনাবেচা করতেন।
হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার তাণ্ডবপাশা গ্রামের বিল্লাল (২৪), শরিয়তপুরের গোসাইহাটের হাটুরিয়া গ্রামের বাবু গাইন (২৩) এবং বাগেরহাটের ফকিরহাটের আবদুস সালাম (৫৫)।
চিকিৎসক জানান, আহতাবস্থায় যে তিনজনকে ভর্তি করা হয়েছে, তাঁরাও বিপদমুক্ত নন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ বলেন, পিকআপটি ফকিরহাট থেকে মাছ নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে বেলা সোয়া তিনটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর হাসপাতালের সামনে পেছন থেকে অন্য একটি গাড়ি (শনাক্ত করা যায়নি) পিকআপটিকে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ওই মোটরসাইকেল ও ইজিবাইক টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহন ও হানিফ পরিবহনের কাউন্টারে ভেঙে পাশের পুকুরে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সৈয়দ ব্যাপারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফরহাদ হোসেনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত পিকআপের আরোহী বাবু গাইনের (২৩) সঙ্গে কথা বলে জানা যায়, বাগেরহাটের ফকিরহাট থেকে পিকআপে করে তাঁরা পাঁচজন মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন। গোপীনাথপুর হাসপাতালের সামনে পৌঁছালে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। তাঁর ধারণা, পেছন থেকে কোনো একটা গাড়ি ধাক্কা দিয়েছে। এরপর তিনি জানতে পারেন হাসপাতালে আছেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাবিল বলেন, দুর্ঘটনায় আহতাবস্থায় যে তিনজনকে ভর্তি করা হয়েছে, তাঁরা বিপদমুক্ত নন।