সাজেকে পর্যটকবাহী জিপ খাদে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে একটি পযর্টকবাহী জিপ খাদে পড়ে যায়। আজ বুধবার দুপুরে সাজেক-বাঘাইহাট সড়কের হাউসপাড়া এলাকায়
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আজ বুধবার সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে বাঘাইহাট-সাজেক সড়কের হাউসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. সাগর আহমেদ (৩২)। তাঁর বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া ১১টার দিকে রুইলুই পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের গাড়িটি খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। হাউসপাড়া এলাকায় পৌঁছালে জিপটি (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারায়। পরে জিপটি গভীর খাদে পরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ছয়জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন, মো. মনিয়ামুন (২৯), বর্ষা আক্তার (৩২), নূর নাহার (২৫), মো. লিটু ও মো. দিদারুল হোসেন (২৬)। দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত পর্যটকদের উদ্ধারে ছুটে যান। দুর্ঘটনাকবলিত জিপে থাকা সব পর্যটক ঢাকার বাসিন্দা।