নোয়াখালীতে দ্বিগুণ দামে জুতা বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা
নোয়াখালীতে কেনা মূল্যের চেয়ে দ্বিগুণ দামে জুতা বিক্রি করায় দুটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে সংস্থার অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে মাইজদী বাজারে এ অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক কাওছার মিয়া প্রথম আলোকে বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সদর উপজেলার সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, অ্যাবি ও গেট মহল সুজ নামের দুটি প্রতিষ্ঠান বেশি দামে জুতা বিক্রি করছে। এ সময় দোকান দুটির জুতা কেনার রসিদের সঙ্গে মিলিয়ে দেখা যায় যে প্রতিষ্ঠান দুটি ৬৯০ টাকায় কেনা জুতা বিক্রি করছে ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। এরপর দোকান দুটিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কাওছার মিয়া আরও বলেন, একই অপরাধে গালিব নামের একটি কাপড়ের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা ও পরবর্তী সময়ে এমনটা না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানার পুলিশ।