খুলনায় শিশু সংবেদনশীল আদালত কক্ষের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় প্রথমবারের মতো শিশু সংবেদনশীল আদালত কক্ষের মাধ্যমে শিশু বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়
ছবি: সংগৃহীত

খুলনায় শিশুদের উপযোগী সংবেদনশীল আদালত কক্ষের মাধ্যমে শিশু বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে ওই আদালতে শিশুদের বিচার কার্যক্রম চলে। প্রথম দিন তিনটি মামলার শুনানি হয়েছে। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই আদালতের উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ বলেন, খুলনায় নারী ও শিশু নির্যাতন দমনে বিচার কার্যক্রম পরিচালনার জন্য তিনটি ট্রাইব্যুনাল রয়েছে। ২০১৩ সালের শিশু আইনে আইনের সংঘাতে জড়িত শিশুদের আলাদা কক্ষে খুবই সাধারণভাবে বিচারিক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। এত দিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশুদের বিচারিক কার্যক্রম চললেও আজ থেকে একেবারে আলাদাভাবে শিশু সংবেদনশীল কক্ষে শিশুদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

ফরিদ আহমেদ আরও বলেন, প্রথম দিন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুস ছালাম খাঁন ২০২১ সালে হওয়া একটি মামলার শুনানি দিয়ে ওই আদালতের কার্যক্রম শুরু করেন। এ সময় আতাউর রহমান নামের একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও এক শিশুর জামিন আবেদনের শুনানি করেন বিচারক। পরে আরও দুটি মামলার কার্যক্রম ওই আদালতে পরিচালিত হয়। এ সময় সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি প্রবেশন অফিসার (মহানগর) নিগার সুলতানা, জেলা প্রবেশন অফিসার অমিত সমাদ্দার, বেঞ্চ সহকারী রুবেল খান, শিশুর অভিভাবকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

২৯ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হক খুলনাসহ সারা দেশে ৯টি জেলায় ১০টি শিশু সংবেদনশীল আদালত কক্ষের উদ্বোধন করেন। শিশু সংবেদনশীল আদালতের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশে শিশু অপরাধের বিচারে একটি মাইলফলক তৈরি হলো বলে মনে করেন ওই আইনজীবী।