নারকেলগাছে উঠে নামতে পারছিল না কিশোর, ৯৯৯-এ কল পেয়ে গেল ফায়ার সার্ভিস
ফরিদপুরে একটি নারকেলগাছে উঠে আর নামতে পারছিল না এক কিশোর। পরে গাছের নিচে থাকা তার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় ৫০ ফুট উচ্চতার গাছ থেকে তাকে নামিয়ে আনেন। ফরিদপুরের মধুখালী পৌরসভার পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
ওই কিশোরের নাম জিহান তালুকদার (১৫)। সে মধুখালী পৌরসভার বনমালিদিয়া মহল্লার টমাস তালুকদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে প্রায় ৫০ ফুট উচ্চতার নারকেলগাছে ওঠে জিহান। পরে আর নামতে পারছিল না সে। নিচে অবস্থান করছিল জিহানের ছোট ভাই। অনেকক্ষণ ভাইয়ের সাড়াশব্দ না পেয়ে সে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়। স্থানীয় বাসিন্দারা তখন ৯৯৯–এ কল করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ৫ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন।
মধুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বাকি বিল্লাহ বলেন, গাছটি অনেক বড় থাকায় এবং উদ্ধারের সহায়ক যন্ত্রপাতি না থাকায় ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় রাত দেড়টার দিকে কিশোর জিহানকে নামিয়ে আনা হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ই বলেন, কিশোরকে গাছ থেকে নামিয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কবির সর্দার বলেন, রাত দেড়টার দিকে ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। আনার পর সে সুস্থ হয়ে যায়। আজ বুধবার সকালে কিশোরকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, ওই ছেলে ডাব পাড়তে নারকেলগাছে উঠেছিল। গাছের মাথায় সে আটকা পড়ে যায়। পরে ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি দল কিশোরকে উদ্ধার করে।’