কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৯ জনের ৭ বছর করে কারাদণ্ড, জরিমানা
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মাঝিরঘাট এলাকা থেকে পাঁচ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ট্রলারমালিকসহ ৯ ব্যক্তিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ট্রলারমালিককে ৫০ লাখ টাকা ও অপর ৮ জনকে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শহরের রুমালিয়ারছড়ার মো. আবু বক্করের ছেলে ও ট্রলারমালিক সুলতান আহমেদ, ট্রলারের মাঝিমাল্লা আবদুর রউফ, মো. আবদুর রাজ্জাক মিয়া, মিজানুর রহমান, হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর, আবদুল হামিদ ও ওসমান গনি। রায় ঘোষণাকালে আসামিদের সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
কক্সবাজার আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি শহরের বাঁকখালী নদীর মাঝির ঘাট এলাকায় সুলতান আহমেদের ট্রলার থেকে প্রায় সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করে র্যাব। এ সময় ওই ট্রলারে থাকা আট মাঝিমাল্লাকে (জেলে) গ্রেপ্তার করা হয়। মিয়ানমার থেকে ইয়াবার চালান ট্রলারে বোঝাই করে বাঁকখালী নদীতে এনে খালাস করা হচ্ছিল। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রলারমালিক সুলতান আহমেদকে গ্রেপ্তার ও তাঁর বাড়ি থেকে আরও ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে চারজন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা)। তাঁরা হলেন—হাবিবুল্লাহ, জাহিদ হোসেন, মো. জাহাঙ্গীর ও আবদুল হামিদ। সাজা শেষে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো এবং জব্দ করা ট্রলার বিক্রি করে প্রাপ্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের আদেশ দেন বিচারক।