পিকআপের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল আরোহী দুই তরুণ, একজনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে ইটবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক তরুণ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের চিকনছড়া সেতু এলাকার মিরসরাই বারৈয়ারহাট-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মুহাম্মদ নাছির (২৩)। তিনি দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কাজ করতেন। আহত তরুণের নাম মুহাম্মদ জাহেদ। তাঁর বাড়ি একই ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি ইটবাহী পিকআপ ভ্যান খাগড়াছড়ির রামগড়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন দুজন। চিকনছড়া সেতু এলাকায় এসে পিকআপটি সামনে থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই যাত্রী সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দুজনকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন। জাহেদ নামের অন্যজনের চিকিৎসা চলছে।
ভূজপুর থানার দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ নাজমুল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, নিহত তরুণের লাশ পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তরুণের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইটবাহী পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়েছেন। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।