পাবনায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা–গুলি, আহত ৫

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে মুখোশধারীদের গুলিতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায়ছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালিয়েছে একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ইশ্বরদীর পূর্বটেংরি গ্রামের শিপন খানের ছেলে সিজান খান (২২), শেরপাগ্রামের তারা মিয়ার ছেলে রিফাত মিয়া (২৬), সাহেবপাড়া গ্রামের মজনু প্রামানিকের ছেলে মো. মাহিম (২৫), শেরপাড় গ্রামের বাবুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৭) ও রবিউল ইসলামের ছেলে মো. রিসাদ (২৬)। হামলার পর তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগমুহূর্তে দলের নেতা–কর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় মুখে কালো কাপড় বেঁধে একদল লোক হামলা ও গুলি চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
আশাদুর রহমান, ওসি, ঈশ্বরদী থানা

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে তাঁদের ওপর গুলি চালানো হয়।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কে বা কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।