নানাবাড়ির পেছনে পাতা কুড়াচ্ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা ১১ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর প্রথমে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে গতকাল সোমবার শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা করেছেন।
অভিযুক্ত কিশোর (১৭) উপজেলার পাঁচবাগ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। পুলিশ ইতিমধ্যে ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি গ্রামে। সম্প্রতি শিশুটি গফরগাঁওয়ে তার নানাবাড়িতে বেড়াতে আসে। গত শনিবার বিকেলে নানাবাড়ির পেছনে পাতা কুড়াতে যায় শিশুটি। এ সময় অভিযুক্ত কিশোর তাকে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী দুই নারী এগিয়ে এলে কিশোর পালিয়ে যায়। ঘটনাটি জানাজানির পর স্থানীয়ভাবে সালিস ডেকে আপস-মীমাংসার চেষ্টা চালানো হয়। পরে গতকাল সন্ধ্যায় শিশুটির নানা পাগলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। রাত ১২টার পর সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নানাবাড়িতে বেড়াতে আসা বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।