নরসিংদীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ
নরসিংদীতে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি কারখানার শ্রমিকেরা পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত হাজারের বেশি শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। বেলা তিনটার পর পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকেরা।
এ অবরোধের কারণে পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকার মহাখালী থেকে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও কিশোরগঞ্জগামী যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। প্রায় পাঁচ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাধবদী থানা-পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা অবরোধকারীদের সরানোর চেষ্টা করেন। তবে শ্রমিকেরা দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়েননি।
শ্রমিকেরা বলেন, পাকিজা গ্রুপের মমটেক্স এক্সপো লিমিটেডসহ কয়েকটি কারখানা দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ করছে না। অতিরিক্ত কাজ (ওভারটাইম) এবং ঈদ বোনাস দিতে গড়িমসি করছে। পাকিজা গ্রুপের সব কারখানার ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তাঁদের গত ছয় মাসের অতিরিক্ত কাজের বকেয়া আছে। যথাসময়ে প্রতি মাসের বেতন, ভাতা, অতিরিক্ত কাজ এবং অন্যান্য বিল পরিশোধের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
মমটেক্স এক্সপো লিমিটেড কারখানার শ্রমিক নূপুর আক্তার বলেন, ‘আমি দুই বছর ধরে এখানে কাজ করি। ছুটির দিনসহ অন্য দিনগুলোতে ওভারটাইম করেও টাকা পাচ্ছি না। বেতনের টাকাও আমাদের কিস্তিতে দেওয়া হয়। দু-তিন মাস পরপর একবার করে বেতন দেওয়া হয়। এতে বাড়িভাড়া ও দোকানে বকেয়া পড়ে যাচ্ছে। পরিবার নিয়ে চলতে কষ্ট করতে হচ্ছে। মাঝেমধ্যে কারখানায় আসার জন্য ভাড়ার টাকাও থাকে না।’
এ বিষয়ে জানতে চাইলে মমটেক্স এক্সপো লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল বাশার বলেন, ‘আমরা শ্রমিকদের আশ্বাস দিয়েছি, গত মাসের বকেয়া বেতন আজকের মধ্যেই পরিশোধ করা হবে। আগের সব বকেয়া ঈদের আগে ও পরে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।’
ঘটনাস্থল থেকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বলেন, কারখানাটির মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের সঙ্গে তাঁরা আলাদাভাবে আলোচনা করেছেন। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেলা তিনটার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেছেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।