ব্রেক কাজ করছিল না, বড় দুর্ঘটনা থেকে বাঁচতে যা করলেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা–কবলিত কাভার্ড ভ্যান। বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে
ছবি: প্রথম আলো

আধা ঘণ্টা ধরে কাভার্ড ভ্যানের ব্রেক কাজ করছিল না। চালক বিভিন্নভাবে গাড়িটি থামানোর চেষ্টা করছিলেন। কয়েকবার সড়ক বিভাজকে ধাক্কা দিয়েও গাড়িটি থামানো যাচ্ছিল না। চালকের সহকারী হাত নেড়ে আশপাশের গাড়িচালককে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার ইঙ্গিত করছিলেন।

এভাবে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর নিশ্চিত দুর্ঘটনা জেনে ইউটার্ন পেয়ে সড়ক বিভাজকের ওপর কাভার্ড ভ্যানটি তুলে দেন চালক। এতে তিনি সামান্য আহত হলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পরিবহনশ্রমিকেরা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কাভার্ড ভ্যানটির চালক মোহাম্মদ নয়ন প্রথম আলোকে বলেন, প্রায় দুই কিলোমিটার আগে একটি বাজারে (ভাটিয়ারী) ঢোকার আগে তিনি ব্রেকে চাপ দেন। কিন্তু ব্রেক কাজ করছিল না। পরে সহকারী রাব্বিকে হাত নেড়ে অন্য গাড়িতে সংকেত দিতে বলেন। রাব্বি চিৎকার করছিলেন এবং সবাইকে সরে যাওয়ার সংকেত দিচ্ছিলেন। সামনে কোথাও ইউটার্ন বা খালি জায়গা পেলে গাড়িটি ফেলে দেবেন এমন চিন্তা করছিলেন। অনেকবার সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছেন, কিন্তু গাড়ি উল্টে যায়নি। পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পাশে ইউটার্নের সড়ক বিভাজকে তুলে দেন।

নয়ন আরও বলেন, ‘মাথায় ছিল দুর্ঘটনা তো হবেই। তবে ক্ষতি কীভাবে কমানো যায়, সেই চেষ্টা করেছি। অন্য গাড়িতে ধাক্কা দিলে সেই গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হবে, মানুষ মারা যেতে পারে, সেটি যাতে না হয় সেই চেষ্টা করেছি।’

চালকের সহকারী রাব্বি বলেন, কাভার্ড ভ্যানটিতে তৈরি পোশাক কারখানার রপ্তানি মালামাল ছিল। তাঁরা ঢাকা থেকে মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন। তাঁরা নিশ্চিত ছিলেন, গাড়িটির দুর্ঘটনা হবে। সে জন্য চালকের সঙ্গে পরামর্শ করে জেনেবুঝে দুর্ঘটনাটি ঘটিয়েছেন। এ ছাড়া তাঁদের কোনো উপায় ছিল না। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ আরমান জাকির প্রথম আলোকে বলেন, তিনি ইউটার্নে যখন তাঁর ব্যক্তিগত গাড়ি ঘোরাচ্ছিলেন, তখন লুকিং গ্লাসে দেখছিলেন চালকের সহকারী তাঁকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তিনি গাড়ি ঘোরানোর পরপরই বিকট শব্দে গাড়িটি উল্টে যায়।

সরেজমিনে দেখা গেছে, উল্টে যাওয়া গাড়ির কেবিন থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করছেন চালক নয়ন। গাড়িটির ওপরে দাঁড়িয়ে ছিলেন সহকারী রাব্বি। নয়ন কেবিনের ভেতর থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র বের করে রাব্বিকে দিচ্ছিলেন। এরপর দুজনে কেবিন থেকে বের হয়ে সড়ক বিভাজকের ওপর বসেন। তখনো গাড়ির ইন্ডিকেটর লাইট জ্বলছিল।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ব্রেক ফেল হওয়ার পর বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে চালকের সড়ক বিভাজকের ওপর তুলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। চালক সামান্য ব্যথা পেয়েছেন। কিন্তু বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেলেন। হাইওয়ে পুলিশের গাড়িটি উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা।

এর আগে গতকাল বুধবার সকালে উপজেলার সুলতানা মন্দির এলাকায় আরেকটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। সেটিও হাইওয়ে পুলিশ উদ্ধার করে। এর এক দিন আগে উপজেলার বক্তারপাড়া এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। ওই দুটি ঘটনায় চালক ও সহকারী সামান্য আহত হয়েছিলেন।