সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টার সময় ৭ জন উদ্ধার

উদ্ধার হওয়া সাতজনছবি: কোস্টগার্ড থেকে পাওয়া

কক্সবাজারের টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী-শিশুসহ সাতজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের দাবি, বসতঘরটি মানব পাচারকারীদের আস্তানা। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই সাতজনকে সেখানে আনা হয়। গতকাল সোমবার বিকেলে বসতঘরটিতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ওই সাতজনকে টেকনাফের আস্তানাটিতে নিয়ে আসে। সেখান থেকে তাঁদের সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে এর আগেই কোস্টগার্ডের অভিযানে তাঁদের উদ্ধার করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে পাচারকারী দলের সদস্যরা পালিয়ে গেছেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া সাতজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।