শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাবাসসুম বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যানসারে আক্রান্ত ছাত্রী তাহসিন তাবাসসুম
ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চিকিৎসার অর্থ সংগ্রহ করতে ‘অদম্য’ বইমেলার আয়োজন করেছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনের পাশে অর্জুনতলায় এ বইমেলার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম। তাঁর চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন বলে স্বজনদের বরাত দিয়ে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বইমেলার আয়োজকরা জানান, আবাসিক হল ও ক্যাম্পাসের পাশের বিভিন্ন মেসে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত বই নিয়ে মেলার স্টল সাজানো হয়েছে। মেলা চলবে তাহসিন তাবাসসুমের চিকিৎসা খরচ যোগানোর আগ পর্যন্ত। রোববার থেকে থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা এবং শুক্র ও শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। বৃহস্পতিবার সকালে মেলা শুরুর সময় তিন শতাধিক বই রাখা ছিল।

আয়োজকদের একজন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দীপ্ত রয় বলেন, ‘আমরা তাহসিন তাবাসসুমের পাশে দাঁড়াতে বইমেলার আয়োজন করেছি। তাই তাবাসসুমের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী বই দিয়ে সহযোগিতা এবং মেলা থেকে বই কেনার অনুরোধ করছি।’

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রধান আ ফ ম জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম হজকিন্স ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসায় ১৫ লাখ টাকা প্রয়োজন। আমরা বিভাগের পক্ষ থেকে তাঁকে সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ থেকে ক্যাম্পাসে “অদম্য” নামে বইমেলার আয়োজন করেছে বিভাগের শিক্ষার্থীরা।’

এ ছাড়া তাহসিন তাবাসসুমের জন্য বিকাশের ০১৭৩৫৮৮০৯৫৩, ০১৬০৯৩৯৬২৩৪, ০১৭৮৩৪২০৯৮৭ ও ০১৭৪২৪৮৮৮৩১; নগদের ০১৯৮৩৫৫৭৭১০ ও ০১৬৪৬২৭৮২৮৭ এবং রকেটের ০১৬২৫৭১৪৫৬০৯ নম্বরে টাকা পাঠানো যাবে। এর পাশাপাশি সোনালি ব্যাংকের শাবিপ্রবি শাখার ৫৬৩২৫০১০০৯৬১৮ হিসাব নম্বর এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের আম্বরখানা ব্রাঞ্চ, সিলেটের ২০১১০৫১১৫৯৪ হিসাব নম্বরে সহায়তার টাকা পাঠানো যাবে।