বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বরগুনার পাথরঘাটার এফবি জাহিদ ট্রলারের নুর আলম খান ও শাহজাহান মিয়া নামের দুই জেলে জাল টানার সময় গুলিবিদ্ধ হন। গত শনিবার রাত চারটার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এফবি জাহিদ ট্রলারের ফারুক মাঝি বলেন, শনিবার রাত চারটার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো কিছু বোঝার আগেই তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় জেলেরা দিগ্বিদিক ছোটাছুটি করে জীবনরক্ষার চেষ্টা করছিলেন। তখন নুর ও শাহজাহান গুলিবিদ্ধ হন। পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোনো জলদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যায়নি বলে তিনি জানান।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে গোলাম মোস্তফা চৌধুরী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনা আমাদের কাছে কেউ জানায়নি। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’