গ্রেপ্তার এড়াতে ১০-১২টি ইয়াবা বড়ি গিলে অচেতন যুবক

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অচেতন সানোয়ার হোসেনছবি: সংগৃহীত

পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে গিয়ে ১০–১২টি ইয়াবা বড়ি গিলে অচেতন হয়ে পড়েন এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের হাতে গ্রেপ্তার ওই যুবকের নাম সানোয়ার হোসেন (৩৫)। পুলিশ জানায়, সানোয়ার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদক–সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সরবত আলী জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেনকে দাঁড়াতে বলা হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। আটক হওয়ার পর সানোয়ার তাঁর সঙ্গে থাকা ১০-১২টি ইয়াবা বড়ি কৌশলে চিবিয়ে গিলে ফেলেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক সানোয়ার হোসেন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাঁর জ্ঞান ফিরেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় সানোয়ার হোসেনকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।