রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
রংপুর মহানগরের সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে মহানগর নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে নগরের সাতমাথা এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ, কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ রায়, সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম প্রমুখ।
পলাশ কান্তি নাগ বলেন, রংপুর মহানগরের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার হাজার হাজার মানুষ বিভাগীয় নগরীতে আসে। এই সড়কে চলে বিভিন্ন ধরনের যানবাহন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে।
অন্য বক্তারা বলেন, বৃষ্টির সময় সড়কের গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে পথচারী, রিকশাচালক, মোটরসাইকেল আরোহীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। ছোটবড় দুর্ঘটনা ঘটছে, অনেক সময় যানজটেরও সৃষ্টি হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, গেল এক বছর ধরে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে দফায় দফায় আন্দোলন কর্মসূচি পালন করা হলেও জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। তা না হলে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা।