খাবার রান্না করে বাদল ফরাজির জন্য অপেক্ষা, পুলিশ সঙ্গে থাকায় মন খারাপ পরিবারের

ছেলে বাদল ফরাজির অপেক্ষায় মা শেফালী বেগম। আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মোংলায় নিজ বাড়িতেছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৮ বছর পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছেন বাদল ফরাজি। ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে হত্যা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাঁর। প্রায় ১০ বছর ভারতের কারাগারে এবং আট বছরের বেশি সময় বাংলাদেশের কারাগারে কাটানোর পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারালো মুক্তি পাওয়ার পর বাদল ফরাজিকে নিয়ে বাগেরহাটের মোংলায় তাঁর বাড়ির উদ্দেশে রওনা হয় পুলিশ। তাঁকে কাছে পাওয়ার অপেক্ষায় পরিবারের সদস্যরা।

তবে দীর্ঘদিন পর বাদল ফরাজিকে এক মাসের মতো কাছে পাওয়ার আনন্দের মধ্যেও স্বজনদের মনে রয়েছে আক্ষেপ। সার্বক্ষণিক পুলিশি পাহারায় তাঁকে থাকতে হবে—এ বিষয়টি নিয়ে অস্বস্তিতে আছেন তাঁরা।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মোংলা পৌরসভার টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুমারখালী এলাকায় বাদল ফরাজিদের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের পাকা বাড়িটি নির্মাণাধীন। তাঁর আসা উপলক্ষে নতুন বিছানা দিয়ে ঘর সাজিয়ে রাখা হয়েছে। তাঁর জন্য রান্না করা হয়েছে পছন্দের খাবার। প্রতিবেশীরা এসে খোঁজ নিচ্ছেন, কখন আসবেন তিনি। তাঁরা আবার ফিরে যাচ্ছেন। বাড়ির ফটকের বাইরেও অনেকে অপেক্ষা করছেন তাঁর ফেরার।

এত বছর পর ছেলে ফিরছে, কিন্তু সঙ্গে পুলিশ থাকবে—এটা মানতে পারছেন না বাদল ফরাজির মা শেফালী বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছেলের চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেছি। ছেলে আওয়ার কথা শুইন্যা তো খুব খুশি, কিন্তু ভেজাল হইছে যে লগে পুলিশ থাকবে। বিনা দোষে ১৮ বছর জেল খাইট্টা যদি আবার প্যারোলে আয়ে কোনদিন ভালো লাগে?’

এক মাস পরে ছেলেকে আবার ফিরতে হবে এটাও ভাবতে পারছেন না শেফালী বেগম। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমার একটাই চাওয়া ছেলেটা যেন মুক্তি পায়।’

বাদল ফরাজি সর্বশেষ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন
ছবি: পরিবারের সৌজন্যে

বাড়িতে কথা হয় বাদল ফরাজির বড় বোন আকলিমা বেগমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা খুব আশা নিয়ে ছিলাম। আমরা এক্সাইটেড (উচ্ছ্বসিত) ছিলাম যে  আসবে, এক মাস প্যারোলে থাকবে। শুনছি তার সঙ্গে সার্বক্ষণিক পুলিশ থাকবে। এটা নিয়ে আমাদের খুব মন খারাপ।’ তিনি বলেন, ‘আমার আম্মু অসুস্থ। এ জন্য এক মাসের প্যারোলটা দেওয়া হয়েছে। পুলিশ সব সময় সঙ্গে থাকলে নিজেদের সব সময় আসামি বা অপরাধী মনে হয়। এটা অস্বস্তিকর।’

সন্ধ্যা ছয়টা প্রতিবেদন লেখা পর্যন্ত বাদল ফরাজি বাগেরহাটে ছিলেন। তাঁর বোন আকলিমা বেগম বলেন, ‘দুপুরে এসে সে খাবে, সেরকম প্রস্তুতিতেই আমরা ছিলাম। কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হতে গেল। আমরা শুনেছি, বাগেরহাটে আছে, সেখান থেকে আসবে। কিন্তু কখন আসবে, সেটা ঠিক বুঝতে পারছি না।’

আকলিমা বেগম বলেন, ‘তার সঙ্গে পরিবারের কেউ নাই। আমরা পাঁচ ভাইবোন—দুই ভাই, তিন বোন। এক ভাই অন্য জায়গায় থাকেন। মা আর আমি এই বাড়িতে থাকি। মা অসুস্থ হয়ে আছেন, সে জন্যই তো প্যারোলটা দিল।’ তিনি বলেন, ‘বাদল জেলে থাকার সময় বাবা মারা গেছেন। তিনি ছেলের অবস্থা মেনে নিতে পারেন নাই।’

বাগেরহাটের মোংলায় বাদল ফরাজির বাড়ি
ছবি: সাদ্দাম হোসেন

বাদল ফরাজির ছোট বোন তাসলিমা বেগমের ছেলে তানভীর হাওলাদারও অপেক্ষা করছেন মামার ফেরার। ঢাকায় পরিবারের সঙ্গে থাকে তানভীর। সেখানকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সে। মঙ্গলবার দুপুরে দুই ভাই ও মায়ের সঙ্গে মামার বাড়ি মোংলায় এসেছে।

তানভীর বলে, ‘অনেক ছোটবেলায় একবার মামাকে দেখেছিলাম। সেই স্মৃতি খুব একটা মনে নেই। ভারত থেকে মামাকে যখন বিমানে করে দেশে আনা হয়েছিল, তখনো তাঁকে দেখতে গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি। এবার মামাকে জীবনে প্রথমবারের মতো ছুঁয়ে দেখতে পারব, ভাবতেই খুব আনন্দ লাগছে।’

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্যারোল-সংক্রান্ত নীতিমালার ১-এর খ অনুযায়ী বাদল ফরাজিকে মুক্তি দেওয়া হয়েছে। সেখানে সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তির সুযোগের কথা বলা হয়েছে। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তির পর তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশনা রয়েছে।

যেভাবে খুনের মামলায় জড়ান বাদল

২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে ৭১ বছর বয়সী নির্মলা মাদান নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। তিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।

হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজি। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যে তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখায়।

তখন বাদল ফরাজি ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি তিনি। পরবর্তী সময়ে তাঁর পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য ও স্কুলের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হলেও মুক্তি পাননি।

আরও পড়ুন

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।

প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল ফরাজি। সেখানে বন্দী থাকা অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।