দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিকলীতে এসএসসি পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে। সারা দেশে আজ মঙ্গলবার সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়। তবে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নিকলীর দুটি কেন্দ্রে শুরু হয় বেলা ১১টায়।
জানা যায়, ভোররাত থেকে নিকলীতে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হলে উপজেলার দুটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিরূপ আবহাওয়ার কারণে দূরদূরান্তের অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি।
এ পরিস্থিতি বিবেচনায় নিকলী উপজেলায় এসএসসি পরীক্ষার সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৫০ মিনিটে মাইকিং করে শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানানো হয়।
শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মো. সাফি উদ্দিন বলেন, ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গম ও দূরদূরান্তের পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনো অসুবিধা না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে বেলা ১১টায় শুরু করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে শুরু করা হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে বোর্ডের সঙ্গে কথা বলে জেলার নিকলীসহ ছয়টি উপজেলায় দেরিতে পরীক্ষা শুরু করা হয়েছে। এর মধ্যে কোথাও আধা ঘণ্টা, কোথাও পৌনে এক ঘণ্টা দেরি হয়েছে। তবে নিকলীতে এক ঘণ্টা পরে পরীক্ষা শুরু করতে হয়েছে। এই এক ঘণ্টা পরীক্ষা শেষের দিকে বাড়িয়ে উত্তরপত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার ১৩ উপজেলার মধ্যে ৭টিতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। আর বাকি ছয়টি উপজেলায় একেক কেন্দ্রে একেক সময় পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশ্নপত্র একই ছিল। তবে আবহাওয়া এতটাই দুর্যোগপূর্ণ ছিল যে এর বিকল্প ছিল না।