বড় ফেনী নদীতে ধরা পড়েছে বড় আকারের ৫৫টি ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে ধরা পড়া ইলিশ। রোববার সন্ধ্যায় পৌর শহরের মাছ বাজারে
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই ও এক কেজি ওজনের ৫৫টি ইলিশ। ঘন কুয়াশা আর শীত মৌসুমেও আজ রোববার দুপুরে মাছগুলো ধরা পড়ে।

ধরা পড়া ৫৫ ইলিশ ওজন করে দেখা গেছে, এগুলোর মধ্যে ১৫টির ওজন ২ কেজির বেশি। বাকি ৪০টির ওজন সাড়ে ৯০০ থেকে ১ কেজি ১০০ গ্রাম। মাছগুলো নদীর তীরে আড়তে নিয়ে নিলামে ৯৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুল মান্নান ও নেয়ামত উল্যাহ। পরে ১৫টি বড় ইলিশ ৫৭ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন ওই ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দারা জানান, শীত চলে আসায় নদীতে ইলিশ কমে গেছে। এরপরও পাঁচ-ছয় জেলে যৌথভাবে প্রতিদিন নদীতে জাল ফেলেন। উপজেলার আদর্শগ্রাম এলাকার জেলে মো. আবদুল খালেক, আবুল কাশেম, সফি উল্যাহসহ ১০–১২ জন আজ ভোরে নদীতে জাল ফেলে বসেছিলেন। দুপুরে জোয়ার কমতে থাকায় জালে হঠাৎ টান পেয়ে বুঝতে পারেন, বড় কিছু আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই সবাই দেখেন, বড় বড় অনেক ইলিশ ধরা পড়েছে।

জেলে আবদুল খালেক প্রথম আলোকে বলেন, মাছগুলো ধরা পড়ার পর বিকেলে নদী থেকে ফিরে মাছগুলো স্থানীয় আড়তে বিক্রি করতে নিয়ে যান। সেখানে নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে মাছগুলো বিক্রি করেন তিনি। পৌর শহরের পাইকারি মাছ বিক্রেতা নেয়ামত উল্যাহ, আবদুল মান্নানসহ তিন ব্যবসায়ী যৌথভাবে তাঁর ছোট-বড় সব কটি ইলিশ আলাদাভাবে কেজি দরে কিনে নেন।

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, বেশ কয়েক দিন ধরে নদীতীরে গিয়ে ২০-৩০ কেজির বেশি মাছ কিনতে পারেননি। আজ বিকেলে মাছ কিনতে আড়তে যান। সেখানে গিয়ে বড় ইলিশ দেখে অবাক হন। ওজন দিয়ে দেখেন, ১৫টি ইলিশের ওজন প্রায় ৩২ কেজি। পরে নিলামে ডাক তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে তাঁরা দুজন ১৫টি ইলিশ ৪৮ হাজার ২০০ টাকায় কিনে নেন। পরে মাছগুলো বিক্রি করার জন্য বিকেলে পৌর শহরের মাছবাজারে নিয়ে যান। উৎসুক অনেকে বড় ইলিশ দেখতে ভিড় করেন।
ব্যবসায়ী নেয়ামত উল্যাহ বলেন, দুই কেজির ইলিশ ১৫টি ২ হাজার টাকা কেজি দর হাঁকেন প্রথমে। পরে ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে সব বিক্রি করে দেন। এ ছাড়া অন্য ইলিশগুলো ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

স্থানীয় জেলেরা জানান, সম্প্রতি বড় ও ছোট ফেনী নদীতে ইলিশ ছাড়াও ৫ থেকে ২০ কেজি ওজনের কোরাল, বোয়াল, কাতলা, পাঙাশ, বাগাড়সহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এসব মাছ বেশ সুস্বাদু। গত সপ্তাহে নদীতে ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়ে।

উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা প্রথম আলোকে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির বেশ বড় মাছ পাওয়া গেছে। এ মৌসুমে নদীতে একাধিকবার দুই-আড়াই ও তিন কেজি ওজনের বড় ইলিশ ধরা পড়েছে। তিনি বলেন, প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন। নদী ও সাগরে বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার বেড়েছে। এ জন্য নদীতে টানা ও বসানো জালে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে।